Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

পুজোয় পচা খাবার দিলে হোটেল-রেস্তরাঁ বন্ধ! খড়্গপুরে কড়া হুঁশিয়ারি দিলীপের

পচা মাংস, মেয়াদ উত্তীর্ণ চাউমিন, ছত্রাকযুক্ত বিরিয়ানির মশলা, নিষিদ্ধ রং, ফ্রিজে আরশোলা-আরও কত কি! গত কয়েক দিনে মেদিনীপুর-খড়্গপুরের নামীদামি সব হোটেলের হেঁশেলে আধিকারিকরা উঁকি দিতেই বে-আব্রু হয়ে পড়েছে আসল চেহারাটা

পুজোয় পচা খাবার দিলে হোটেল-রেস্তরাঁ বন্ধ! খড়্গপুরে কড়া হুঁশিয়ারি দিলীপের
  • ৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, খড়্গপুর: পচা মাংস, মেয়াদ উত্তীর্ণ চাউমিন, ছত্রাকযুক্ত বিরিয়ানির মশলা, নিষিদ্ধ রং, ফ্রিজে আরশোলা-আরও কত কি! গত  কয়েক দিনে মেদিনীপুর-খড়্গপুরের নামীদামি সব হোটেলের হেঁশেলে আধিকারিকরা উঁকি দিতেই বে-আব্রু হয়ে পড়েছে আসল চেহারাটা। নিজেদের দোষ ঢাকতে খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে বচসাতেও জড়িয়েছেন একাধিক হোটেল, রেস্তরাঁ, মিষ্টির দোকানের মালিকরা। এবার সেই সব মালিকদের কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা খড়্গপুরের দাবাং বিধায়ক দিলীপ ঘোষ। রবিবার খড়্গপুরে তিনি বলেন, ক্ষোভ দেখিয়ে লাভ নেই। ঠিকঠাকভাবে ব্যবসা করুন। পুজোর আগে সব ঠিক করে নিন। না হলে মেদিনীপুর-খড়্গপুরের অবৈধ হোটেল, রেস্তরাঁ সব বন্ধ হবে!

Advertisement

রাজ্যের ক্যাবিনেট মন্ত্রীর স্পষ্ট সতর্কবার্তা, আপনারা দেখেছেন এই ক’দিনে কীভাবে পচা মাংস, পচা দই সহ বিভিন্ন অস্বাস্থ্যকর খাবার পাওয়া গিয়েছে হোটেল-রেস্তরাঁগুলি থেকে। পুজোর সময় তো সেখানে প্রচণ্ড ভিড় হয়। মানুষ যা পায়, তাই খেয়ে নেয়। তবে, সেই সুযোগ এবার আমরা দেব না। নিজেরা সব ঠিক করে নিন। না হলে আইন অনুযায়ী ব্যবস্থা হবে।
তৃণমূল আমলে নেতাদের মদতে দুই শহরেই অবৈধভাবে অনেক হোটেল, রেস্তরাঁ গড়ে উঠেছে বলে দিলীপবাবুর দাবি। তাদের অনেকেরই দমকলের ছাড়পত্র, খাদ্য সুরক্ষা দপ্তরের অনুমোদন, জায়গার কাগজপত্র নেই বলেও অভিযোগ। পুজোর আগেই এসব কিছু ঠিক করে নিতে হবে বলে এদিন জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী। তিনি বলেন, দমকলের কাছে আবেদন করুন। আমি দপ্তরের সঙ্গে কথা বলেছি। দ্রুত ইস্যু হয়ে যাবে। পুজোর আগে সব ঠিক করে নিন।
পুজোর আগে মেদিনীপুর ও খড়্গপুর শহরের অবৈধ পার্কিং নিয়েও ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। দিলীপবাবু বলেন, ‘আমি জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি। পার্কিং নিয়ে ইতিমধ্যেই নোটিস আসা শুরু হয়ে গিয়েছে। একটু অসুবিধা হবে। কিন্তু, অবৈধ পার্কিং বরদাস্ত করা হবে না। কারণ, মেদিনীপুর-খড়্গপুরের রাস্তা খুব সংকীর্ণ।’এদিন মেদিনীপুর শহরে ক্রেতা সুরক্ষা দপ্তরের অনুষ্ঠানে গিয়ে সাধারণ মানুষের উদ্দেশে তিনি সচেতনতার বার্তা দেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ