নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ভাইরাল এক ভিডিয়োকে ঘিরে শোরগোল পড়েছে। ওই ভিডিও একটি পথ দুর্ঘটনার। সিসি ক্যামেরার ওই ফুটেজ দেখে শিউরে উঠছে নাগরিক মহল্লা। ভিডিয়োতে দেখা যাচ্ছে, ভয়াবহ গতিতে একটি চারচাকা গাড়ি ছুটে আসছে। আর তখনই বাইক ঘুরিয়ে রাস্তায় উঠতে যাচ্ছেন এক যুবক। তিনি ওই দ্রুতগতির গাড়ির কোনো হদিশই পাননি। তারপরেই দেখা যাচ্ছে, গাড়ির ধাক্কায় আরোহী সহ বাইকটি একপ্রকার উড়ে যাচ্ছে। সেই সঙ্গে বাইকের বিভিন্ন অংশ চারদিকে ছিটকে পড়ছে। যেন এক ভয়াবহ বিস্ফোরণ। বলাই বাহুল্য দুর্ঘটনায় বাইক আরোহীর প্রাণরক্ষা হয়নি। শনিবার সন্ধ্যার মুখে ঘটনাটি হুগলির চণ্ডীতলার মশাটের আউসবালিতে ঘটেছে। এই ভিডিয়ো দেখে একপ্রকার শিউড়ে উঠছেন দর্শকরা।
বাইক আরোহী ওই যুবকের নাম লালু ঘোষ (৪৩)। তিনি মশাটের আউসবালি গ্রামেরই বাসিন্দা। তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই ঘাতক চারচাকা গাড়িটি বাজেয়াপ্ত করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে। মৃতের আত্মীয়রা যদিও দাবি করেছেন, চারচাকা গাড়িটি ভয়াবহ গতিতে যাচ্ছিল। গাড়ি চালকের কারণেই লালু’র দুর্ঘটনা ঘটেছে। ওই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তাঁরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, চারচাকা গাড়িটি উন্মাদের গতিতে আসছিল। লালু’কে ধাক্কা দেওয়ার আগে সেটি রাস্তার একটি বাম্পারের সামনে পড়েছিল। কিন্তু সেখানেও ব্রেক কষেননি চালক। উল্টে একই গতিতে গাড়ি চালিয়ে দেন। তার জেরে গাড়িটিকে বেশ খানিকটা লাফিয়ে উঠতে দেখা যায়। ততক্ষণে ফুটপাত থেকে বাইক ঘুরিয়ে রাস্তার উপরে উঠে এসেছেন লালু। প্রায় চোখের সামনেই তাঁকে বাইক সহ উড়তে দেখেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনার ভয়াবহতা রবিবারেও অনেকে ভুলতে পারেননি।