


পুজোর মাঝে কিংবা পুজোর পরেই বেড়াতে যাওয়ার প্ল্যান করেছেন। টিকিট, হোটেল বুকিং, গাড়ি, লোকাল সাইট সিয়িং, খাওয়াদাওয়া সব নিয়েই উত্তেজনায় ভরপুর পরিবার। সুন্দর বেড়ানোর ক্ষণকে স্মৃতিতে রাখতে হয়তো ক্যামেরার দেখভালও শেষ। কিন্তু বেড়ানোর আনন্দ ততক্ষণই নিষ্কলুষ হবে, যতক্ষণ শরীর সুস্থ থাকবে। তাই সপরিবার বেড়াতে যাওয়ার আগে চোখ বুলিয়ে নিন মেডিক্যাল কিটে। নিত্যপ্রয়োজনীয় ওষুধপত্র ছাড়াও ব্যাগে থাকুক দরকারি কিছু হোমিওপ্যাথিক ওষুধ। হোমিওপ্যাথিক চিকিৎসাশাস্ত্রে রোগের লক্ষণ অনুযায়ী চিকিৎসা করা হয়। তাই একটি ওষুধের নানা প্রয়োগ থাকে। তাই ৩০ পাওয়ারের কিছু ওষুধ সঙ্গে রাখলে বিভিন্ন সমস্যায় তা কাজে আসবে।
আর্নিকা: ছোটখাট বেড়ানো হোক বা দূরে কোথাও, পড়ে যাওয়া, কেটে যাওয়ার মতো ঝঞ্ঝাট যে কোনও সময় ঘটতে পারে। তাই আর্নিকা ৩০ সঙ্গে রাখুন। ব্যথাবেদনা সারাতে এর জুড়ি নেই।
কোকা: পাহাড়প্রেমীদের কাছে এই ওষুধ বহুল পরিচিত। উচ্চ পর্বতশ্রেণি বা সমুদ্রতল থেকে অনেক উঁচু কোনও জায়গায় বেড়াতে গেলে এই ওষুধটি সঙ্গে থাকা দরকার। উঁচু জায়গায় যাওয়ার ৩০ মিনিট আগে কোকা ৩০ খেয়ে নিতে পারেন। শীতপ্রবণ অঞ্চলে গেলে অনেক সময় সাইট সিয়িং-এর আগের রাত থেকেই প্রতি দু’ঘণ্টা অন্তর খাওয়া যেতে পারে এই ওষুধ। শ্বাসকষ্ট, দমের অসুবিধা ইত্যাদি সমস্যার জন্য এই ওষুধ খুব কাজে আসে। খুব শ্বাসকষ্টের সমস্যা থাকলে পাহাড়ে ওঠার সময় ১৫-২০ মিনিট অন্তরও এই ওষুধ খেতে পারেন।
আর্সেনিক ও কলোসিন: পেটের সমস্যা বা ফুড পয়জন যে কোনও জায়গায় বেড়াতে গিয়ে হতে পারে। খাবার ও জল থেকে এই সংক্রমণ ছড়ায়। বিশেষ করে সমুদ্রে বেড়াতে গেলে সমুদ্রের ধারের মাছভাজা খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েন। রাজ্যের বাইরের পাহাড়ে গেলেও সেখানকার স্থানীয় খাবার অনেকের পেটে সয় না। তাই পেট সমস্যাপ্রবণ হলে বেড়াতে গিয়ে খাবার ও জলের বিষয়ে সতর্ক থাকুন। পেট ব্যথা, বদহজম, বমি, পেটের সমস্যায় আর্সেনিক ৩০ খুব ভালো কাজে দেয়। সঙ্গে এই ওষুধটিও রাখুন। এছাড়া শ্বাসকষ্ট ও অ্যাজমার সমস্যা থাকলেও এই ওষুধ সঙ্গে রাখুন।
পেটে ব্যথা, পেটটা টিপে রাখলে ভালো লাগছে এমন সমস্যায় কলোসিন দিলে ভালো কাজ হবে।
বেলেডোনা: শিশু সঙ্গে থাকলে অবশ্যই জ্বর বা জ্বরের সঙ্গে আসা নানা সমস্যা মোকাবিলায় বেলেডোনা সঙ্গে রাখুন।
অ্যাকোনাইট: শীতের জায়গায় বেড়াতে গেলে ঠান্ডা হাওয়া লেগে সর্দি-কাশি, গলা ব্যথা, হালকা জ্বর এসব হতে পারে। সেক্ষেত্রে শিশু ও বাড়ির অন্য সদস্যরা অ্যাকোনাইট খাবেন।
নাক্স ভোমিকা: বদহজম, পেটের সমস্যা, পেটে ব্যথা, গা গোলানোর মতো সমসা থাকলে নাক্স ভামিকাও খুব ভালো কাজে আসে।
হেমামিলিস: যাঁদের পাইলস রয়েছে, বাইরে বেড়াতে গিয়ে খাওয়া ও ঘুমের অনিয়মে পাইলস থেকে রক্তপাত শুরু হতে পারে। সেক্ষেত্রে আপদকালীন অবস্থা সামাল দিতে হেমামিলিস ভালো কাজ করে।
রিউমেক্স: গলা খুশখুশ, গলা ব্যথা, নাক বন্ধ এমন সমস্যায় রিউমেক্স খুব ভালো কাজ করে।
এই সব ওষুধই গ্লোবিউল ফর্মে ১০ গ্রাম ওজনের মতো নিয়ে গেলেই বেড়াতে যাওয়ার দিনগুলোয় স্বস্তিতে থাকবেন। অসুখের বাড়াবাড়িতে দিনে ৩-৪ বার কয়েকটা দানা খান।
লিখেছেন মনীষা মুখোপাধ্যায়