Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রায়গঞ্জে রঙের বাজার মাতাচ্ছে আবির স্প্রে,সিলিন্ডার,গুলালগান

জলে গোলা রঙের পাশাপাশি ক্রমে জনপ্রিয় হচ্ছে আবির খেলা

রায়গঞ্জে রঙের বাজার মাতাচ্ছে আবির স্প্রে,সিলিন্ডার,গুলালগান
  • ১১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: জলে গোলা রঙের পাশাপাশি ক্রমে জনপ্রিয় হচ্ছে আবির খেলা। নব প্রজন্মের সেই চাহিদা মেটাতে এবার ব্যবসায়ীদের নতুন আমদানি আবির স্প্রে, গুলালগান, ফায়ার এক্সটিংগুইসারের আদলে তৈরি আবির সিলিন্ডারের মতো রং খেলার রকমারি সামগ্রী। যেগুলি স্প্রে করলে বা গুলাল গানের ট্রিগারে চাপ দিলেই বেরিয়ে আসবে রংবেরঙের আবির। ধোঁয়ার মতো চারিদিক ঢেকে যাবে আবিরে। এবার রঙের উৎসব শুরুর আগে রায়গঞ্জের বাজার কাঁপাচ্ছে সেই সমস্ত রং খেলার নতুন সরঞ্জাম। ছোট থেকে বড় সকলের নজর কাড়ছে এই আবির ও সরঞ্জাম। 

Advertisement

মাঝে আর মাত্র তিন দিন। তারপরই রঙের উৎসব। তার আগে আবির স্প্রে, গুলালগান, ফায়ার এক্সটিংগুইসারের আদলে তৈরি আবির সিলিন্ডারের সম্ভারে সেজে উঠেছে রায়গঞ্জ শহরের বেশ কিছু দোকান। ব্যবসায়ীদের আশা, এবার কিশোর থেকে যুবক-যুবতী সকলের কাছেই নতুন এই সম্ভার আকর্ষণীয় হয়ে উঠবে। সেই সঙ্গে সাদা আবির, ভেষজ রঙ, রকমারি মুখোশ ও চিরাচরিত রং, পিচকারি তো আছেই। মোহনবাটির রঙ ব্যবসায়ী বিক্রম সাহা বলেন, রঙ খেলতে ভালোবাসেন না এমন মানুষ নেই। কিন্তু জলে গোলা রং খেলার ক্ষেত্রে অনেকের বাছবিচার আছে। সেইসব খুঁতখুঁতে গ্রাহকদের জন্যই আবির স্প্রে, গুলালগান, ফায়ার এক্সটিংগুইসারের আদলে তৈরি আবির সিলিন্ডারের কনসেপ্ট বাজারে এসেছে। যেগুলি ব্যবহার করে রঙ খেলা অন্যমাত্রা পাবে বলে আশা করছি। নতুন এই সরঞ্জামগুলির ক্ষেত্রে জলের কোনও ব্যবহার নেই। পুরোটাই ড্রাই। একবার স্প্রে বা ট্রিগারে চাপ দিলেই শুকনো আবিরের ধোঁয়া ছেয়ে যাবে। দামও নাগালের মধ্যেই। আবির স্প্রে ২০০ টাকা, গুলাল গান ৩০০ টাকায় বিকোচ্ছে। তবে ফায়ার এক্সটিংগুইসারের আদলে তৈরি আবির সিলিন্ডার মূলত ব্যবহার করা যাবে বড় আকারে মাঠের মধ্যে রং খেলার ক্ষেত্রে। কারণ ওই সিলিন্ডারে প্রায় ৫ থেকে ৬ কেজি আবির ভরা থাকে। ওই সিলিন্ডারের ক্যাপ খুললেই হু হু করে বেরতে থাকবে রকমারি রঙের আবির। আবার এটি প্রয়োজন মতো রিফিলও করা যায়। মনমর্জি রঙ ভরা যাবে সিলিন্ডারে। একটি আবির সিলিন্ডারের দাম ২ হাজার ২০০ টাকা।  নিজস্ব চিত্র

সম্পর্কিত সংবাদ