নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়া পুরসভায় অবিলম্বে ভোটের দাবি তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। রাজ্য সভাপতির দায়িত্ব নেওয়ার পর শনিবার প্রথমবার শুভঙ্করবাবু হাওড়াতে আসেন। ডবসন রোডের জেলা সদর অফিসে সমস্ত স্তরের নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করেন। দল সূত্রে জানা গিয়েছে, সেখানে অঞ্চল থেকে জেলাস্তরের নেতা-কর্মীরা সাংগঠনিক সমস্যার কথা তুলে ধরেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, হাওড়া পুরসভা বিরাট অংশের মানুষকে পরিষেবা দেওয়ার প্রতিষ্ঠান। অথচ মানুষ পরিষেবা নিয়ে সমস্যায় থাকলেও অভিযোগ জানানোর লোক পাচ্ছেন না। এই পরিস্থিতি বাঞ্ছনীয় নয়। আমরা চাই অবিলম্বে হাওড়ার মানুষের জন্য পুর নির্বাচন করুক রাজ্য সরকার।



