Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়ায় ডাম্পারের ধাক্কায় মহিলা সিভিকের মৃত্যু

হাওড়ায় ডাম্পারের ধাক্কায় মহিলা সিভিকের মৃত্যু
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ডিউটি সেরে বাড়ি ফেরার পথে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক মহিলা সিভিক ভলান্টিয়ারের। শনিবার বেশি রাতে ঘটনাটি ঘটেছে শিবপুরের ফোরশোর রোডে। মৃতার নাম রুমকি হাজরা (২৭)। তিনি হাওড়া সিটি পুলিসের রিজার্ভ ফোর্সে কর্মরতা ছিলেন বলে জানা গিয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওইদিন মধ্যরাতে কাজ শেষ করে সাইকেলে চেপে হাওড়া ময়দানের কাছে মল্লিক ফটকের বাড়িতে ফিরছিলেন রুমকি। ফোরশোর রোডে আচমকা পিছন দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ডাম্পার তাঁকে কার্যত পিষে দিয়ে চলে যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় শিবপুর থানার পুলিস। আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলা সিভিক ভলান্টিয়ারকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পরেই ফোরশোর রোডের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ডাম্পার সহ ওই চালককে গ্রেপ্তার করেছে পুলিস। মেয়ের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পরিবারে। পুলিস জানিয়েছে, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিস মৃত সিভিক ভলান্টিয়ারের পরিবারের পাশে রয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ