Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

হুমকি ফোন মামলায় জামিন সুবোধ সিংয়ের

হুমকি ফোন মামলায় জামিন সুবোধ সিংয়ের
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ব্যবসায়ী তাপস ভগতকে হুমকি ফোন মামলায় সুবোধ সিংয়ের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল না। আর তার ফলে সোমবার টিটাগড় থানার ২০৪/২৪ নম্বর মামলায় জামিন পেলেন বিহারের গ্যাংস্টার। যদিও তার বিরুদ্ধে অন্য মামলা চলছে। আগামী ১৩ তারিখ আদালতে ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়িতে গুলি বৃষ্টির ঘটনায় বিচারপর্ব শুরু হবে। তবে ভার্চুয়াল মাধ্যমে হাজির করা হবে সুবোধকে। 
Advertisement
৬ নভেম্বর সুবোধ সিংকে গ্রেপ্তার করা হয়েছিল। ৬১ দিন হয়ে গেলেও সিআইডি বারাকপুর এসিজেএম আদালতে চার্জশিট জমা দেয়নি। এদিন সুবোধ সিংয়ের আইনজীবী কমলজিৎ সিং আদালতে জামিনের আবেদন করেন। তিনি বলেন, আমার মক্কেলের বিরুদ্ধে যে ধারায় অভিযোগ দায়ের করা হয়েছিল, তাতে ৬০ দিনের মধ্যে চার্জশিট পেশ করতে হয়। ৬১ দিন হয়ে গেলেও তা জমা পড়েনি। 
চার্জশিট জমা না পড়ায় বিচারক মণিকা চট্টোপাধ্যায় সুবোধ সিংকে জামিন দেন। আদালতের এই নির্দেশের কথা শুনে রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছেন তাপস ভগৎ। তিনি বলেন, আমি নিরাপত্তার অভাব বোধ করছি। পুলিস কমিশনার অলক রাজোরিয়া বলেন, আমাদের হাত থেকে সিআইডি এই মামলা নিয়েছে। সময়ে চার্জশিট না পড়ায় রীতিমতো চাঞ্চল্য পড়ে যায় বারাকপুর আদালত চত্বরে।
এদিকে বিহারের গ্যাংস্টারকে একটি মামলায় সে রাজ্যে নিয়ে যেতে এসেছিল রাজস্থান পুলিস। স্পেশাল পিপি বিভাস চট্টোপাধ্যায় রাজস্থানের মামলায় কেন তাকে নিয়ে যাওয়া সম্ভব নয়, তার আইনি ব্যাখ্যা দেন। বারাকপুরের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ অয়ন বন্দ্যোপাধ্যায় রাজস্থান পুলিসের ওই আবেদন নামঞ্জুর করেন। 
সম্পর্কিত সংবাদ