সংবাদদাতা, বালুরঘাট: অবৈধভাবে বার্ষিক সভা ডাকার অভিযোগ উঠল হিলি এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের এক পক্ষের বিরুদ্ধে। জানা গিয়েছে, অন্য পক্ষ সরব হতেই ভেস্তে গেল বৈঠক। দুই গোষ্ঠীর মধ্যে এদিন বচসা ও হাতাহাতিও হয় বলে জানা গিয়েছে। এতে হিলি দিয়ে বৈদেশিক বাণিজ্য কার্যত অচলবস্থার মুখে। এদিন অ্যাসোসিয়েশনের বার্ষিক সভার ডাক দেন সম্পাদক দিলীপ সরকার, যা অবৈধ বলে জেলাশাসকের কাছে অভিযোগ করেন যুগ্ম সম্পাদক ধীরাজ অধিকারী। বৈঠক শুরু হতেই দু’পক্ষের মধ্যে শুরু হয় বচসা। সভাপতির বদলে সম্পাদক কেন বার্ষিক সভা ডাকবেন তা নিয়েই মূলত বচসা। জানা যায়, মোট ৪ টি পক্ষের তরফে এগজিকিউটিভ কমিটির তালিকা জমা পড়ে। ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, যাঁরা ব্যবসায়ী নয়, তাঁদেরকেও কমিটির সদস্য করা হচ্ছে। অ্যাসোসিয়েশনের সভাপতি আলাউদ্দিন মণ্ডল বলেন, এদিন সভা ছিল। এখনও কিছু চূড়ান্ত হয়নি। কিছু সংশোধনের ব্যাপার আছে। তবে মারামারি হয়নি। অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ধীরাজ বলেন, সংগঠনের নিয়ম ভেঙে কিছু মানুষ নিজেদের মতো করে কমিটি গঠন করতে চেয়েছিল। আমরা আইনি পথে বাধা দিয়েছি। তাই সভা ভেস্তে গিয়েছে। আমরা চাই নিয়ম মেনে সভা হোক। সংগঠনের সদস্য অসিত দাস বলেন, সংগঠন এখন ভুয়ো এক্সপোর্টারে ভরে গিয়েছে। অনেকের এদিন অবৈধভাবে কমিটি গঠনের চেষ্টা ছিল। কিন্তু তা ভেস্তে যায়। ফোন না তোলায় সম্পাদক দিলীপ সরকারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



