Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

হাজরা পার্কের দোকানদারদের নতুন হকার্স কর্নারে আনতে উদ্যোগী পুরসভা

হাজরা পার্কের দোকানদারদের নতুন হকার্স কর্নারে আনতে উদ্যোগী পুরসভা
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কালীঘাট স্কাইওয়াক তৈরির সময় সেখানকার হকার্স কর্নারকে যতীন দাস পার্ক বা হাজরা পার্কে স্থানান্তরিত করার ব্যবস্থা হয়েছিল। এসপি মুখার্জি রোডের ধারে স্কাইওয়াকের পাশে হকারদের জন্য তৈরি হয়েছে বাতানুকূল নতুন বিল্ডিং। সেই কাজ সম্পূর্ণ হয়েছে। এবার পার্কের ভিতর থাকা হকারদের নতুন হকার্স কর্নারে নিয়ে আসার তোড়জোড় শুরু করল কলকাতা পুরসভা। শুক্রবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, উদ্যান বিভাগের মেয়র পারিষদ ও রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার পুর কমিশনার এবং অন্যান্য পুরকর্তাদের নিয়ে বৈঠক করেন। সেখানে হকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 
Advertisement
ঠিক হয়েছে, আগামী এক মাসের মধ্যে হকাররা মালপত্র নিয়ে নয়া হকার্স কর্নারে চলে আসবেন। কে কোথায় দোকান পাবেন, তা ঠিক করার দায়িত্ব হকার সংগঠনকেই দিয়েছে পুর কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, ১৭৬ দোকান রয়েছে নয়া বিল্ডিংয়ে। বাড়িটি শীতাতপ নিয়ন্ত্রিত। বৈঠকে হকার সংগঠনের তরফে মালপত্র সরানোর জন্য দু’মাস সময় চাওয়া হয়েছিল। তবে পুরসভা এক মাস সময় দিয়েছে। এক আধিকারিক বলেন, ওরা নতুন হকার্স কর্নারের বিল্ডিংয়ে আরও দরজা তৈরির আর্জি জানিয়েছিল। কিন্ত এসপি মুখার্জি রোডের দিকে নতুন করে দরজা তৈরির সুযোগ নেই। তাই পুরসভার তরফে প্রস্তাব দেওয়া হয়েছে, দু’টি দোকান ভেঙে দেওয়া হলে প্রশস্ত দরজা বানানো সম্ভব। পাশাপাশি কোন হকার বিল্ডিংয়ের কোথায় দোকান পাবেন, সেটা ওঁরা নিজেরাই ঠিক করবেন। পুরসভা কোনও দায়িত্ব নেবে না। এক মাসের মধ্যে এই স্থানান্তর প্রক্রিয়া শেষ করতে বলা হয়েছে। এরপর যতীন দাস পার্কের অস্থায়ী দোকানগুলি ভেঙে দেবে পুরসভা।
সম্পর্কিত সংবাদ