নিজস্ব প্রতিনিধি, বরানগর: সিবিআইয়ের বিরুদ্ধে অভিযানের কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে সমাজমাধ্যমে। সেখানে নাম ও ছবি ব্যবহার করা হচ্ছে পানিহাটির বিধায়কের। অথচ, ওই কর্মসূচির সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। প্রচারে অনুমতি ছাড়া তাঁর নাম-ছবি ব্যবহার করা হলে তিনি আইনি পদক্ষেপ করবেন। জানালেন অভয়ার মা তথা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। সোমবার সমাজমাধ্যমে নিজের বক্তব্যের ভিডিয়ো পোস্ট করে তিনি এই হুঁশিয়ারি দেন। আর এনিয়ে রাজনৈতিক মহলে জোর চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তাহলে কারা, কী উদ্দেশ্যে বিধায়ককে নিয়ে এমন পোস্ট করছেন, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন তৈরি হয়েছে।
আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জামিনের প্রতিবাদে আগামী ১২ নভেম্বর সিবিআই দপ্তরে অভিযানের ডাক দিয়েছে ‘ভয়েস অফ অভয়া’ এবং ‘ভয়েস অফ উইমেন’ নামে দুটি সংগঠন। সেই কর্মসূচির প্রচারে ফেসবুক-সহ বিভিন্ন সমাজমাধ্যমে রত্না দেবনাথের নাম ও ছবি ব্যবহার করা হচ্ছে। আর এনিয়েই তীব্র বিতর্ক শুরু হয় বিজেপির অন্দরে। দলের একজন বিধায়ক কীভাবে সিবিআই অফিসে অভিযান চালাতে পারেন! এই বিস্ময় ছিল অনেকের। এই বিতর্কের আবহে সোমবার মুখ খোলেন রত্নাদেবী।
রত্নাদেবী বলেন, আমার নাম ও ছবি ব্যবহার করে জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা চলছে। দেশের আইন, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংবিধানের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। আমার নাম ও ছবি ব্যবহার করে সিবিআই দপ্তরে অভিযানের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তার সঙ্গে আমার কোনো যোগ নেই। এই ধরনের অপপ্রচার বন্ধ নাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই কর্মসূচি নিয়ে বিভ্রান্ত না-হতে সাধারণ মানুষ ও বিভিন্ন সংগঠনের কাছে তিনি আবেদন জানিয়েছেন।



