Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

হিরণের দ্বিতীয় বিয়ে

প্রথম বিয়ের আইনি বিচ্ছেদ হয়নি। এর মাঝে দ্বিতীয়বার বিয়ে করলেন অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়।

হিরণের দ্বিতীয় বিয়ে
  • ২১ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• প্রথম বিয়ের আইনি বিচ্ছেদ হয়নি। এর মাঝে দ্বিতীয়বার বিয়ে করলেন অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে দেখা গিয়েছে, বেনারসে গঙ্গার ঘাটে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন হিরণ। পেশায় মডেল ঋত্বিকা গিরির সঙ্গে বিয়ে করেছেন  তিনি। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নমঃ পার্বতী পতায়ে হর হর মহাদেব।’ এই ছবি ঘিরে যখন রাজনীতি থেকে বিনোদন ইন্ডাস্ট্রিতে হইচই, তখনই বিস্ফোরক হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। অনিন্দিতার দাবি, হিরণের সঙ্গে বিচ্ছেদই হয়নি তাঁর। তাহলে কীভাবে দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধলেন হিরণ? যোগাযোগ করা হয়েছিল অভিনেতার সঙ্গে। তিনি ফোনে অধরা। একাধিকবার মেসেজ করা হয়েছে। কোনও উত্তর দেননি। কিন্তু পুরো বিষয়ে মুখ খুলেছেন অনিন্দিতা। বলেছেন, ‘আমার স্বামীর নাম হিরণ্ময় চট্টোপাধ্যায়। আমাদের ২৫ বছরের দাম্পত্য জীবন। ২০০০ সালের ডিসেম্বরে বিয়ে হয়। আমাদের উনিশ বছরের একটি মেয়ে রয়েছে। এর মাঝে হঠাৎ করে ওর বিয়ের ছবি দেখলাম। সবথেকে খারাপ লাগছে আমার মেয়ের জন্য। আমাদের মেয়ের থেকে মাত্র দু’বছরের বড় ঋত্বিকা। হিরণের সঙ্গে আমার এখনও আইনি বিচ্ছেদ হয়নি।’ এরপর কী আইনি পদক্ষেপ করবেন তিনি? অনিন্দিতা জানালেন, ‘এখনই কোনও আইনি পদক্ষেপ করছি না। কয়েক মাস আগেও হিরণের সঙ্গে যোগাযোগ হয়েছে। যেখানে আমাদের ডিভোর্সই হয়নি সেখানে আর একজনকে কীভাবে ও বিয়ে করল? এই বিষয়টাই তো অযৌক্তিক।’  চলতি বছর বিধানসভা নির্বাচন। তার আগে খড়্গপুরের বিধায়কের এই কীর্তিতে বেকায়দায় পড়েছে পদ্মশিবির। প্রথম পক্ষের স্ত্রীকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয়বার বিয়ে করার জন্য হিরণের বিধায়ক পদও খারিজ হতে পারে। তা নিয়ে বিস্তর চাপানউতোর চলছে রাজনৈতিক   মহলে। উল্লেখ্য, দীর্ঘদিন লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগৎ থেকে দূরে রয়েছেন হিরণ। রাজনৈতিক কাজেই ব্যস্ত তিনি। তবে কোনো কোনো মহলের অবশ্য প্রশ্ন, হিরণ যে ছবি পোস্ট করেছেন তা বাস্তব তো? রিলদুনিয়ার জন্য তৈরি কোনো প্রচারমূলক ছবি নয় তো!

Advertisement
সম্পর্কিত সংবাদ