সিমলা: একেবারে পড়শি রাজ্য পাঞ্জাব। সেখানে প্রায় ৬০০টি রুটে বাস পরিষেবা দিয়ে থাকে হিমাচল প্রদেশ। রাতটুকু ওই রাজ্যের স্ট্যান্ডে কাটিয়ে আবার ভোরে হিমাচলে ফিরে আসে বাসগুলি। আর তাতেই যত গোলমাল! সম্প্রতি পাঞ্জাবের স্ট্যান্ডগুলিতে থাকার সময় রাতে হামলা শুরু হয়েছে এই বাসগুলিতে। একের পর এক বাসে ভাঙচুর চালানো হচ্ছে। কোনওটায় আবার লিখে দেওয়া হচ্ছে খালিস্তানি স্লোগান। এই অবস্থায় পাঞ্জাবের ভগবন্ত সিং মান সরকারের কাছে বাসগুলির নিরাপত্তার আর্জি জানিয়েছে হিমাচল প্রদেশ। সাফ বলা হয়েছে, নিরাপত্তার আশ্বাস না পেলে রাতে আর পাঞ্জাবের বাসস্ট্যান্ডে রাখা হবে না রাজ্যের বাস। রুটের পরিষেবা শেষ করে সেগুলি রাতেই সীমানা পেরিয়ে হিমাচলে ফিরে আসবে। প্রয়োজনে বেশ কয়েকটি রুট সাময়িক বাতিল করা হবে বলেও রবিবার হুমকি দিয়েছেন হিমাচল প্রদেশের উপ মুখ্যমন্ত্রী তথা পরিবহণমন্ত্রী মুকেশ অগ্নিহোত্রী।



