নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: পুজোর আগে উদার পদ্মা। উত্তাল নদীতে জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের জালে উঠছে জলের রুপোলি শস্য। কোনওটার ওজন ৮০০ গ্রাম, কোনওটা এক কেজির বেশি। চলতি সপ্তাহ থেকেই জালে উঠতে শুরু করেছে ইলিশ। সঙ্গে ট্যাংরা, কাতলা, পাঙাসও মিলছে। দিনশেষে মুখে হাসি নিয়ে ঘরে ফিরছেন মৎস্যজীবীরা। লালগোলার পদ্মায় ইলিশ পাওয়ার খবরে ভোজনরসিক বাঙালির জিভে জল। পুজোয় পাত পেড়ে ইলিশের রকমারি পদ খাওয়ার অপেক্ষায় তাঁরা। মৎস্যজীবীদের জালে বড়ো ইলিশের পাশাপাশি ছোটো মাছও উঠছে। ছোটো মাছের দাম তুলনামূলক কম। আশায় আছেন নিম্ন মধ্যবিত্তরা। এবার সকলেই কম খরচে স্বাদ নিতে পারবেন পদ্মার ইলিশের।
৬০০-৭০০ গ্রাম ওজনের ইলিশই বেশি। ৬০০-৭০০ গ্রাম ইলিশের দর ১৪০০ টাকা কেজির উপরে। ৫০০ গ্রাম ইলিশের দাম ১২০০ টাকা কেজি। কারও জালে উঠছে এক কেজিরও বেশি ওজনের মাছ। তার দাম অবশ্য ২৫০০-৩২০০ টাকা কেজি। তবে সুযোগ বুঝে অনেক বিক্রেতা মাছ পিছু চার হাজারও দর হাঁকছেন।
লালগোলা নেতাজি মোড়ে মীন ভবনের সামনে বিকেলের দিকে মাছের বাজার বসে। থালায় সাজানো নানা রকমের মাছের মধ্যে ইলিশের চাহিদা বেশি। যত চাহিদা আছে, ততটা মাছ অবশ্য সবসময় মিলছে না, তাই আক্ষেপ করছেন ব্যবসায়ীরা। তবে পুজোর আগে পদ্মা উদার হওয়ায় এবার আশার আলো দেখছেন ভোজনরসিক বাঙালি।
লালগোলার কৃষ্ণপুরের মাছ ব্যবসায়ী সুরজিৎ হালদার বলেন, চাহিদা অনুযায়ী সবসময় মেলে না ইলিশ। তবে এখন বাজারে ভালোই মাছ ঢুকছে। আগামীতে এখানকার পদ্মার ইলিশ আরও বেশি মিলবে বলেই আশা করছি। এক কেজির উপরের মাছগুলির বেশি চাহিদা। তবে দাম বেশি। কৃষ্ণপুরের আর এক মৎস্যজীবী অসিত হালদার বলেন, পদ্মায় সবসময় তো ইলিশ ওঠে না। এখন তাও মাঝে মধ্যে পাচ্ছি। প্রতিদিন যাতে মাছ জালে আসে সেই আশায় এই উত্তাল নদীতে ডিঙি নামাই। বড়ো-ছোটো সবরকমের মাছই পাচ্ছি। বড়ো ইলিশ উঠলেই লাভ বেশি হয়। ছোটো মাছ খুব একটা দাম মেলে না। তবে পদ্মার সব ইলিশের চাহিদা ভালো।
লালগোলার বাসিন্দা রতন ঘোষ বলেন, এখানকার পদ্মার বড়ো মাছ দেখলেই কেনার আগ্রহ বেড়ে যায়। থালায় সাজিয়ে রেখে মাছ যাঁরা বিক্রি করেন, তাঁরাও খুব একটা দাম কমাতে পারেন না। কারণ বড়ো মাছ সংখ্যায় কম। আগের দিন আমি ৩০০০ টাকা দিয়ে একটি মাছ কিনলাম। কিছুতেই দাম কমাল না। তবে অসাধারণ স্বাদ এখানকার ইলিশের। চাহিদা অনুযায়ী বড়ো মাছ কম। তাই দাম বেশি। ছোটো ও মাঝারি ইলিশই বেশি। পুজোর সময় মাছের চাহিদা আরও বাড়বে। ফাইল চিত্র