নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ মাধ্যমিকে ফেল করা ছাত্রছাত্রীদের গোড়া থেকে, নতুন স্ট্রিম এবং বিষয়বিন্যাস নিয়ে পড়ার সুযোগ দিচ্ছে সংসদ। বুধবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, দ্বাদশে অনুত্তীর্ণরা কন্টিনিউইং ক্যান্ডিডেট (সিসি) হিসেবে যেমন পরের বছর ফেল করা বিষয়গুলিতে পরীক্ষা দিতে পারবেন, তেমনই চাইলে একাদশ শ্রেণি থেকে নতুন বিষয়ে পড়াশোনা শুরু করতে পারবেন। এর পাশাপাশি, সেমেস্টার পদ্ধতির নয়া সিলেবাসে দ্বাদশের পুরো ক্লাস করেও নতুন করে উচ্চ মাধ্যমিক দিতে পারবেন। বর্তমানে যাঁরা পুরনো পদ্ধতির একাদশ শ্রেণিতে অনুত্তীর্ণ, তাঁদের রেজিস্ট্রেশন ইতিমধ্যেই বাতিল হয়েছে। তাঁদের প্রথম থেকেই একাদশ শ্রেণির পড়াশোনা করতে হবে। আর সেটা নয়া সেমেস্টার পদ্ধতিতেই। এর পাশাপাশি যাঁরা পুরনো পদ্ধতির একাদশ শ্রেণিতে উত্তীর্ণ হলেও এ বছর উচ্চ মাধ্যমিকে বসেননি বা পাশ করেননি, তাঁরা চাইলে ফের একাদশ শ্রেণি থেকে সেমেস্টার পদ্ধতিতে আসার সুযোগ পাবেন। তবে, পুরনো পদ্ধতি থেকে যাওয়ার বিকল্পও তাঁদের কাছে থাকছে। এই সুযোগ শুধুমাত্র এ বছরেই দেওয়া হচ্ছে। আরও বেশি ছাত্রছাত্রী যাতে নয়া সেমেস্টার পদ্ধতির সুযোগ পান, তাই এই ব্যবস্থা।



