নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও চুঁচুড়া: ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবী নিগ্রহ কাণ্ডে আজ, বৃহস্পতিবার লালবাজার অভিযানে নামার ডাক দিয়েছিল ব্যাঙ্কশাল কোর্টের পাঁচটি আইনজীবী সংগঠন। সেই কর্মসূচি বাতিল করা হয়েছে। কারণ, অবশেষে বুধবার রাতে ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবী নিগ্রহে মূল অভিযুক্ত কুশল পাণ্ডেকে গ্রেপ্তার করে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। সূত্রের খবর, চাপে পড়ে অভিযুক্তই থানায় আত্মসমর্পণ করেন। ব্যাঙ্কশাল কোর্টের বার অ্যাসোসিয়েশেনের সাধারণ সম্পাদক রাজা সেনগুপ্ত বুধবার জানান, অভিযুক্ত ধরা পড়ে যাওয়ায় লালাবাজার অভিযান স্থগিত রাখা হল। আজ, বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় এই বিষয়ে বৈঠকে বসবে বার অ্যাসোসিয়েশন।
এদিকে, ব্যাঙ্কশাল এবং চন্দননগর আদালতে চলতে থাকা আইনজীবীদের কর্মবিরতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। কর্মবিরতি দ্রুত তোলার জন্য বার কাউন্সিলকে দুই আদালতের আইনজীবীদের সঙ্গে কথা বলতে বলেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বারুইপুর আদালতে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণের ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে হাইকোর্ট। মামলায় যুক্ত সব পক্ষকে নোটিস জারির নির্দেশ দেওয়া হয়েছে। এদিন মামলার শুনানিতে আইনজীবী শুভঙ্কর নাগ অভিযোগ করেন, রাজ্যের বিভিন্ন জায়গায় আইনজীবীরা আক্রান্ত হচ্ছেন। তিনি ব্যাঙ্কশাল ও চন্দননগর আদালতে কর্মবিরতির কথাও তুলে ধরেছেন। তাছাড়া গড়বেতায় কলকাতা হাইকোর্টের আইনজীবী শামিম আহমেদের গাড়ি ভাঙচুরের বিষয়টিও আদালতের নজরে আনেন। প্রধান বিচারপতি জানান, শামিম আক্রান্ত হওয়ার বিষয়টি তাঁর নজরে রয়েছে। প্রধান বিচারপতি বলেন, ‘আদালতে কর্মবিরতি কেন চলবে? এতে তো সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’ এরপরই বেঞ্চের নির্দেশ, রাজ্যের সমস্ত আদালতে আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। ব্যাঙ্কশাল এবং চন্দননগর আদালতের কর্মবিরতি নিয়ে বার কাউন্সিলের সদস্যকে সোমবার রিপোর্ট দিতে হবে। আর আইনজীবী সায়নের উপর হামলা সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি হবে আগামী নভেম্বরে।
এদিকে, হুগলির চন্দননগরের ‘রঙ্গোলি’ কর্মসূচিকে ঘিরে আইনজীবী ও উদ্যোক্তাদের বিরোধও বড়ো আকার নিচ্ছে। বুধবার আইনজীবীদের উপরে হামলার অভিযোগ তুলে চুঁচুড়ায় জেলা আদালতের আইনজীবীরা বিক্ষোভ দেখান। আইনজীবীদের অভিযোগ, চন্দননগর আদালতের এক আইনজীবীর হরিপালের বাড়ি আক্রমণ করেছিল দুষ্কৃতীরা।