Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

হুগলি নদীর তীরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা গ্রাম পঞ্চায়েতের

হুগলি নদীর তীরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা গ্রাম পঞ্চায়েতের
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাকদ্বীপ: কাকদ্বীপের উত্তর চন্দ্রনগরের পয়লা নম্বর হাটে পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নিল সূর্যনগর গ্রাম পঞ্চায়েত। শীঘ্রই সেই প্রস্তাব পাঠানো হবে দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের দপ্তরে। জানা গিয়েছে, হুগলি নদীর তীরে প্রায় তিন বিঘা চরে এই পর্যটন কেন্দ্রটি গড়ে তোলা হবে। পর্যটকদের বসার জন্য নদীর তীরে কংক্রিটের চেয়ার তৈরি করা হবে। চরের চারদিকে বসানো হবে বাতিস্তম্ভ। শিশুদের জন্য তৈরি করা হবে পার্ক। বাঁধানো হবে হুগলি নদীর তীর। ওই এলাকায় প্রচুর বৃক্ষরোপণেরও পরিকল্পনা নেওয়া হয়েছে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পয়লা নম্বর ঘাটে হুগলি নদীর তীরে রোজই প্রচুর মানুষ ঘুরতে আসে। বিশেষত বিকেল বেলা হলে নদীর চর সাধারণ মানুষের সমাগমে ভরে যায়। বর্তমান ওই এলাকায় একটি আবাসিক হোটেল রয়েছে। পর্যটকদের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় আরও প্রায় চারটি হোটেল তৈরি করা হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা প্রীতম হালদার বলেন, ডিসেম্বর মাস পড়লেই এই এলাকায় মানুষের আনাগোনা খুব বেড়ে যায়। দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি হাওড়া, হুগলি, কলকাতা, নদীয়া ও উত্তর ২৪ পরগনা জেলা থেকে অনেকে গাড়ি নিয়ে এই এলাকায় পিকনিক করতে আসেন। ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত নদীর চরে অস্থায়ী ভাবে প্রায় ২০টি দোকান বসে। সেই সময় রোজই প্রায় কয়েক হাজার মানুষ নদীর চরে ভিড় জমায়। এবিষয়ে সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌরাঙ্গ পুরকাইত বলেন, ওই এলাকায় পর্যটন কেন্দ্র গড়ে তোলার একটি পরিকল্পনা নেওয়া হয়েছে। পর্যটন কেন্দ্রটি গড়ে তুলতে প্রায় ৩০ লক্ষ টাকা খরচ হবে। শীঘ্রই সেই প্রস্তাব জেলা পরিষদে পাঠানো হবে।
সম্পর্কিত সংবাদ