Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রবল বর্ষণে বিপর্যস্ত আসানসোলের বিস্তীর্ণ এলাকা, বন্ধ একাধিক রাস্তা

রাতভর প্রবল বর্ষণের জেরে প্লাবিত আসানসোলের বিস্তীর্ণ এলাকা। রেলপার, দিলদারনগর-সহ একাধিক এলাকায় বাড়িঘরে জল ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা।

প্রবল বর্ষণে বিপর্যস্ত আসানসোলের বিস্তীর্ণ এলাকা, বন্ধ একাধিক রাস্তা
  • ১৮ আগস্ট, ২০২৬ ১০:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: রাতভর প্রবল বর্ষণের জেরে প্লাবিত পশ্চিমবঙ্গের একাধিক জেলা। বাদ যায়নি পশ্চিম বর্ধমানের  আসানসোলও। ইতিমধ্যে ডুবে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এই আসানসোলেই। রেলপার, দিলদারনগর-সহ একাধিক এলাকায় বাড়িঘরে জল ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। অন্যদিকে প্রশাসনের নির্দেশে বিভিন্ন জলমগ্ন এলাকায় মানুষদের উদ্ধারে রাতভর তৎপর ছিল উদ্ধারকারীরা।

Advertisement

পরিস্থিতির গুরুত্ব বুঝে জলাবদ্ধ এলাকায় পৌঁছে উদ্ধারকার্যের নেতৃত্ব দেন আসানসোল পুরসভার কমিশনার দিলীপ মিশ্রা। বিভিন্ন এলাকায় উদ্ধারকারী দল নিয়ে জলবন্দি মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলে। একই সঙ্গে আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় সাধারণ মানুষের জরুরি প্রয়োজনে একটি হেল্পলাইন নম্বর (৯৫৯৩২২২২৫৫) চালু করেছেন। এছাড়াও বিজেপির জনপ্রতিনিধি ও নেতাদেরও রাতেই ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে উদ্ধার ও ত্রাণকার্যে অংশ নিতে দেখা গিয়েছে। অবিরাম বৃষ্টির ফলে গারুই ও নুনী নদীর জলস্তর দ্রুত বেড়ে যাওয়ায় শহরের একাধিক গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে সতর্ক বার্তা দেওয়া  হয়েছে। কল্যাণপুর হাউজিং কালভার্ট ও ব্রিজের উপর দিয়ে নদীর জল প্রবাহিত হওয়ায় সেখানে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। একইভাবে  বকবান্দি গ্রামের সংযোগকারী রাস্তার উপর দিয়েও জল বইতে থাকায় সেই রাস্তাও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। কালিপাহাড়ি রেলওয়ে টানেলের ভিতরে জল ঢুকে পড়ায় নিরাপত্তার স্বার্থে টানেল দিয়ে যাতায়াতও বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাধারণ মানুষকে জলমগ্ন রাস্তা এড়িয়ে বিকল্প পথ ব্যবহার করতে হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ