Bartaman Logo
৯ জুন, ২০২৬

জম্মু ও কাশ্মীরের ছোসিটিতে মেঘভাঙা বৃষ্টি: মৃতের সংখ্যা বেড়ে ৩৩, এখনও চলছে উদ্ধারকাজ

মেঘ ভাঙা বৃষ্টির জেরে হড়পা বানের সৃষ্টি। আর সেই হড়পা বানের কবলে পড়ে ধ্বংস হয়ে গিয়েছে উত্তরাখণ্ডের উত্তরকাশীর হরসিল, ধরালি

জম্মু ও কাশ্মীরের ছোসিটিতে মেঘভাঙা বৃষ্টি: মৃতের সংখ্যা বেড়ে ৩৩, এখনও চলছে উদ্ধারকাজ
  • ১৪ আগস্ট, ২০২৫ ১৭:০৮
Prefer us on Google

শ্রীনগর, ১৪ আগস্ট: মেঘ ভাঙা বৃষ্টির জেরে হড়পা বানের সৃষ্টি। আর সেই হড়পা বানের কবলে পড়ে ধ্বংস হয়ে গিয়েছে উত্তরাখণ্ডের উত্তরকাশীর হরসিল, ধরালি। ভেঙে গিয়েছে একাধিক বাড়ি, মৃত্যু হয়েছে বহু লোকের। এবার সপ্তাহ ঘুরতেই আরও এক বিপর্যয়। এবার জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ারে মেঘ ভাঙা বৃষ্টির জেরে নেমে এসেছে প্রাকৃতিক বিপর্যয়। আজ, বৃহস্পতিবার দুপুরে ছোসিটি গ্রামে মাচৈল মাতা মন্দিরের কাছে আচমকাই মেঘভাঙা বৃষ্টি হয়। তার জেরে যে হড়পা বানের সৃষ্টি হয়েছে, তাতে অনেকে আটকে পড়েছেন। ধস নামে পাহাড়ি এলাকা। সূত্রের খবর, হড়পা বানের কবলে পড়ে অনেকেই ভেসে গিয়েছেন। মৃত্যু হয়েছে কমপক্ষে ৩৩ জনের। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানাচ্ছে স্থানীয় প্রশাসন। আহতের সংখ্যা শতাধিক।

Advertisement

মাচৈল মাতা মন্দির একটি পবিত্র তীর্থস্থান। সেখানকার যাত্রা শুরু হয় কিস্তওয়ারের ছোসিটি গ্রাম থেকেই। সেইমতো এদিনও সেখান থেকে যাত্রা শুরু করেছিলেন বহু পুণ্যার্থী। কিন্তু আচমকাই মেঘ ভাঙা বৃষ্টির জেরে হড়পা বানের সৃষ্টি হয়। তাতেই ভেসে গিয়ে মৃত্যু হয়েছে অনেকের। উদ্ধারকাজ শুরু হয়েছে।

গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি কিস্তওয়ারের ডেপুটি কমিশনারের সঙ্গে কথাও বলেছেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই উদ্ধারকাজের জন্য ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে দুই কোম্পানি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকাজ শুরু করলেও খারাপ আবহাওয়ার জন্য বাধা পাচ্ছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরা। পরিস্থিতির দিকে নজর রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কথা বলেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও লেফ্টেন্যান্ট গর্ভনরের সঙ্গে। মেঘ ভাঙা বৃষ্টির জেরে ইতিমধ্যেই জলস্তর বৃদ্ধি পেয়েছে পুঞ্চের মেন্ধার নদীর।  

Advertisement
সম্পর্কিত সংবাদ