নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগস্ট মাসে উত্তর ভারতে পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীরে মেঘ ভাঙা বৃষ্টিতে বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে। পশ্চিমবঙ্গসহ আরও কয়েকটি রাজ্যে বর্ষা মরশুমে বেশি বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বর্ষার শেষমাস সেপ্টেম্বরে দেশের অধিকাংশ এলাকায় বেশি মাত্রায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। রবিবার আবহাওয়া দপ্তর সেপ্টেম্বরের পূর্বাভাস ঘোষণা করেছে। তাতে সতর্ক করে বলা হয়েছে যে, এমাসেও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে। তরে ফলে বন্যা ও ধস চলতে পারে। বিপর্যস্ত হতে পারে যানবাহন চলাচল। সমস্যা হতে পারে স্বাস্থ্যক্ষেত্রে। বিরূপ প্রভাব পড়তে পারে পরিবেশের উপর। এই পরিস্থিতির মোকাবিলার জন্য আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পরিকাঠামোর উন্নতিসহ ব্যবস্থা গ্রহণ এবং নজরদারি জরুরি। পরামর্শ আবহাওয়া দপ্তরের।
সেপ্টেম্বর মাসে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের মাত্রা কতটা থাকবে, আবহাওয়া দপ্তরের দীর্ঘকালীন পূর্বাভাসে তার উল্লেখ রয়েছে। তাতে পশ্চিমবঙ্গসহ দেশের বেশিরভাগ রাজ্যের অধিকাংশ এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির সম্ভাবনা—উত্তর ভারতে লাদাখ ও কাশ্মীরের কিছু অংশে এবং গোটা কেরলে। এছাড়া তামিলনাড়ু, কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশের বৃহৎ অংশও এই তালিকায় থাকছে। বৃষ্টির ধরন তেমনটাই হতে পারে গোটা সিকিম এবং উত্তর-পূর্ব ভারতের বেশকিছু অংশে। ওড়িশা এবং বিহারেও কিছু অংশেও স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশিই বৃষ্টি হবে।
তবে একটা আশার কথা শুনিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান। তিনি জানান, সেপ্টেম্বরে পশ্চিমবঙ্গসহ সর্বত্রই স্বাভাবিক বৃষ্টির পরিমাণ জুলাই-আগস্টের চেয়ে অনেক কম থাকে। যেমন জুলাই-আগস্ট মাসে দক্ষিণবঙ্গে স্বাভাবিক বৃষ্টির পরিমাণ ৩৮০ মিলিমিটারের আশপাশে। সেখানে সেপ্টেম্বরে তা থাকে ২৫০ মিমির মতো। তাই সেপ্টেম্বরে দক্ষিণবঙ্গে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টি হলেও তা বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করবে না। মত আবহাওয়া বিশেষজ্ঞদের। তবে সেই বৃষ্টি খুব বেশি মাত্রায় হয়ে গেলে অবশ্য সমস্যা তৈরি হতে পারে। আবহাওয়া দপ্তর আপাতত জানিয়েছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আগামী মঙ্গলবার নাগাদ একটি নিম্নচাপ তৈরি হতে পারে। ইতিমধ্যেই সেখানে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আপাতত শুধু মঙ্গলবার দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি ও হাওড়া জেলার কোনও কোনও স্থানে ভারী বৃষ্টি হতে পারে।