দফায় দফায় বৃষ্টি, বাঁকুড়া পুরুলিয়া ও আরামবাগে, বিপর্যস্ত জনজীবন
  • ৩০ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া, আরামবাগ ও সংবাদদাতা, খাতড়া, ঝালদা: ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বৃহস্পতিবার বাঁকুড়া, পুরুলিয়া ও আরামবাগে দিনভর বৃষ্টি হয়। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বয়ে যায়। তার জেরে তিন জায়গায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়। ঝড়-বৃষ্টিতে চাষিরা ধান ও সবজির ক্ষতির আশঙ্কা করছেন।  

Advertisement

এদিন ভোর থেকেই বাঁকুড়া জেলাজুড়ে বৃষ্টি শুরু হয়। কয়েক জায়গায় ঝোড়ো হওয়ায় বয়ে যায়। তালডাংরা ব্লকের ইন্দকাটা গ্রামের চাষি শিবশংকর পাল বলেন, এবার ১৮ বিঘা জমিতে ধান চাষ করেছি। বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার ধানগাছ মাটিতে নুইয়ে পড়েছে। এখন ফসল ঘরে তুলতে পারব কি না সন্দেহ। সরকারি পোর্টালের প্রযুক্তিগত সমস্যার কারণে ফসলের বিমা করাতে পারিনি। এখন কী হবে জানি না।
বাঁকুড়ার অতিরিক্তি জেলাশাসক (সাধারণ) চিরন্তন প্রামাণিক বলেন, বিডিওদের কাছ থেকে ক্ষয়ক্ষতির রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। কৃষি সহ অন্যান্য দপ্তরও আলাদাভাবে ক্ষতির রিপোর্ট সংগ্রহ করবে। তা পর্যালোচনা করার পরই বিস্তারিত বলা যাবে। 
অর্ণবের প্রভাব পড়েছে পুরুলিয়া জেলাতেও। বুধবার রাত থেকে বৃষ্টি শুরু হয়। বৃহস্পতিবারও তা অব্যাহত ছিল। পাকা ধান ঘরে তোলার মরশুমে এই বৃষ্টি চাষিদের উদ্বেগ বাড়িয়েছে। জেলার বিভিন্ন প্রান্তে মাঠে পাকা ধানের জমিতে জল দাঁড়ানোয় ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। জমিতে জল জমলে ধান কাটা ও তোলার ক্ষেত্রে সমস্যা হতে পারে। ফলে চাষিরা দ্রুত আবহাওয়ার উন্নতি হওয়ার অপেক্ষায় রয়েছেন।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পুরুলিয়ায় ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃহস্পতিবার জেলার আকাশ মেঘলা থাকার পাশাপাশি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। আজ, শুক্রবার পুরুলিয়া শহরে হালকা ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলা বিজ্ঞান কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, অর্ণবের প্রভাব শুক্রবার বিকাল পর্যন্ত কিছুটা থাকতে পারে। সেই সময় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 
অর্ণবের প্রভাবে আরামবাগ মহকুমায় দিনভর বৃষ্টিতে বিপর্যস্ত হয় জন জীবন। সকাল থেকে হালকা ও ভারী বৃষ্টি হয়েছে। অন্যান্য দিনের তুলনায় এদিন রাস্তাঘাটে লোকজন কম ছিল। আরামবাগের বাসিন্দা সৈকত মণ্ডল বলেন, অকাল বর্ষণে এদিন একটু সমস্যা হয়েছে। 
কৃষিদপ্তর সূত্রে জানা গিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় আরামবাগে ৫ মিলিমিটার ও পুরশুড়ায় ৯.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আরামবাগ মহকুমা কৃষি দপ্তরের এক আধিকারিক বলেন, ধানের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। বৃষ্টির ফলে কিছুটা উপকারই হয়েছে।  বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে যাতায়াত। গোঘাটের কামারপুকুর এলাকায় তোলা নিজস্ব।