Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাইকের মুখোমুখি সংঘর্ষ নিউটাউনে, মৃত ২ চালক

নিউটাউনে ফের পথ দুর্ঘটনা। মুখোমুখি সংঘর্ষের জেরে মৃত্যু হল দুই বাইক চালকের। মঙ্গলবার গভীর রাতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে নিউটাউনের যাত্রাগাছি খালপাড় এলাকায়।

বাইকের মুখোমুখি সংঘর্ষ নিউটাউনে, মৃত ২ চালক
  • ১৫ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: নিউটাউনে ফের পথ দুর্ঘটনা। মুখোমুখি সংঘর্ষের জেরে মৃত্যু হল দুই বাইক চালকের। মঙ্গলবার গভীর রাতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে নিউটাউনের যাত্রাগাছি খালপাড় এলাকায়। দ্রুত গতির বলি? নাকি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা? তা খতিয়ে দেখছে পুলিশ। তবে, দুর্ঘটনাগ্রস্থ একটি বাইকের সামনের চাকার অ্যালয় হুইল থেকে টায়ার খুলে বেরিয়ে গিয়েছে। তা থেকে পুলিশের অনুমান, গতি বেশিই ছিল। দুর্ঘটনাস্থল থেকে একটি ভাঙা হেলমেট উদ্ধার হয়েছে। তাতে পুলিশের প্রাথমিক ধারণা, একজনের মাথায় হেলমেট থাকলেও, অন্যজনের ছিল না!

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃতদের নাম অসিত মাহাত (২৫) এবং প্রণয়দীপ মাঝি (২২)। অসিত পুরুলিয়ার বাসিন্দা এবং প্রণয়ের বাড়ি দুর্গাপুরে। দু’জনেই নিউটাউন এলাকায় ভাড়ায় থাকতেন। অসিত একটি অনলাইন খাবার সরবরাহকারী সংস্থায় কাজ করতেন। অনুমান, খাবার ডেলিভারি করে ফিরছিলেন। প্রণয় পড়াশোনা করতেন। মঙ্গলবার রাত ১টা নাগাদ দু’জন দু’টি বাইকে করে যাচ্ছিলেন। একজন যাচ্ছিলেন নিউটাউন থেকে কেষ্টপুরের দিকে। অন্যজন কেষ্টপুরের দিক থেকে নিউটাউনের দিকে আসছিলেন। খালপাড়ে মুখোমুখি সংঘর্ষ হয় তাঁদের। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ তাঁদের আর জি কর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা প্রথমে অসিতকে মৃত বলে ঘোষণা করেন। পরে প্রণয়েরও মৃত্যু হয়।
এই যাত্রাগাছি এলাকাতেই স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যার মৃতদেহ ফেলা হয়েছিল। যে ঘটনায় প্রধান অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই রাস্তায় পর্যাপ্ত আলো নেই। দুর্ঘটনা রুখতে এবং নিরাপত্তার জন্য আলোর সংখ্যা বাড়ানো দরকার। প্রসঙ্গত, গত এক বছরে নিউটাউনে পরপর একাধিক পথ দুর্ঘটনা ঘটেছে। তার মধ্যে বাইক চালকদের মৃত্যুর সংখ্যা বেশি। গত সেপ্টেম্বরে পরপর চারটি দুর্ঘটনা ঘটেছিল। ইকোপার্কের কাছেই বেপরোয়া বাইকের ধাক্কায় এক সাইকেল চালকের মৃত্যু হয়েছিল। বিশ্ববাংলা গেট থেকে বলাকার দিকে যাওয়ার রাস্তায় বাইকের ধাক্কায় এক বৃদ্ধ মারা যান। 
বিশ্ববাংলা গেটের সামনেই সরকারি বাসের ধাক্কায় এক আইটি কর্মীর মৃত্যু হয়। তিনি স্কুটারে অফিসে যাচ্ছিলেন। ইকোপার্ক ২ নম্বর গেটের কাছে সাইকেল নিয়ে টহল দেওয়ার সময় বাইকের ধাক্কায় এক পুলিশ কনস্টেবলেরও মৃত্যু হয়েছিল। গতবছরের শুরুতে ডিভাইডারে ধাক্কা খেয়ে বাইক থেকে পড়ে এক আইটি কর্মী তরুণী এবং ইকোপার্ক-২ নম্বর গেটের সামনে দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এক তরুণী বাইক চালকের। চলতি বছরের শুরুতেই নিউটাউনে বাইক দুর্ঘটনায় জোড়ামৃত্যু হল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ