নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শ্যামনগর ওয়েভারলি জুটমিলের এক শ্রমিককে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছিল। তার জেরে হৃদরোগে আক্রান্ত হয়ে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে মিল চত্বরে এদিন উত্তেজনা দেখা দেয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্যামনগর ওয়েভারলি জুটমিলের প্রায় ৫০ জন শ্রমিককে সম্প্রতি কাজ থেকে বসিয়ে দেয় মিল কর্তৃপক্ষ। সেলাই বিভাগের শ্রমিক ৩৬ বছরের রবি প্রসাদকেও কাজ থেকে বসিয়ে দেওয়া হয়। অভিযোগ, তার জেরে টেনশনে সোমবার হৃদরোগে আক্রান্ত হন রবি প্রসাদ। তৎক্ষণাৎ তাঁকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
Advertisement
হাসপাতাল চত্বরেই মালিকপক্ষের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন ওয়েভারলি জুটমিলের শ্রমিকরা। মৃতের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবিতে তাঁরা সরব হন। মৃতের সহকর্মীদের দাবি, ছ’দিন আগে রবিকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছিল। পরিবার নিয়ে কীভাবে সংসার চলবে, তা নিয়েই রবি টেনশনে ছিলেন। এদিন সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। এনিয়ে প্রতিবাদে সরব হন ওয়েভারলি জুটমিলের শ্রমিকরা। তারা মিল চত্বরে বিক্ষোভও দেখান।



