নয়াদিল্লি: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সম্মেলনের সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই। ফের একবার স্পষ্ট করে জানিয়ে দিল নয়াদিল্লি। এই ধরনের কাজে ভারত কোনো উত্সাহ দেয় না বলেও জানানো হয়েছে। শুক্রবার বিদেশ মন্ত্রকের তরফে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমি আগেই এই বিষয়ে সরকারের অবস্থান জানিয়েছি। আজ আবারও বলছি, একটি বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠানের আয়োজিত ওই অনুষ্ঠানে সরকারের কোনো ভূমিকা ছিল না। তাছাড়া ওই অনুষ্ঠানে যা কিছু, বিশেষ করে বাংলাদেশের নির্বাচিত সরকার সম্পর্কে যা বলা হয়েছে, তার কোনোটিই ভারত সমর্থন করে না।’ গত বুধবার দিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে প্রকাশ্য সম্মেলন করার কথা জানিয়েছিলেন হাসিনা। যদিও শেষ পর্যন্ত প্রকাশ্যে আসেননি তিনি। ভার্চুয়ালি বক্তৃতা দেন। সেই সময়েই দিল্লি জানিয়েছিল, ওই সম্মেলনের সঙ্গে ভারতের কোনো যোগ নেই। যদিও বাংলাদেশ সরকার ক্ষোভ প্রকাশ করে বিবৃতি জারি করে। তার পরিপ্রেক্ষিতে ফের নিজেদের অবস্থান স্পষ্ট করল দিল্লি।



