Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

পদ্মশ্রী পাচ্ছেন হরমনপ্রীত কাউর ও রোহিত শর্মা, বিজয় অমৃতরাজ পদ্মভূষণ, প্রণতি নায়েক অর্জুন

টেনিস কিংবদন্তি বিজয় অমৃতরাজ পাচ্ছেন পদ্মভূষণ। আর ক্রিকেট বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা ও হরমনপ্রীত কাউর পদ্মশ্রী

পদ্মশ্রী পাচ্ছেন হরমনপ্রীত কাউর ও রোহিত শর্মা, বিজয় অমৃতরাজ পদ্মভূষণ, প্রণতি নায়েক অর্জুন
  • ২৬ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: টেনিস কিংবদন্তি বিজয় অমৃতরাজ পাচ্ছেন পদ্মভূষণ। আর ক্রিকেট বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা ও হরমনপ্রীত কাউর পদ্মশ্রী। দেশের মোট ৯ ক্রীড়াবিদ এই সম্মান পাবেন। রবিবার ঘোষিত হল পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকা। তাতে অমৃতরাজই একমাত্র ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে পদ্মভূষণ সম্মানে ভূষিত হতে চলেছেন, যা দেশের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান। ভারতীয় টেনিসকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করার জন্য ৭২ বছর বয়সি সম্মানিত হবেন। এর আগে ১৯৭৪ সালে অর্জুন ও ১৯৮৩ সালে পদ্মশ্রী পেয়েছিলেন বিজয়। উইম্বলডন এবং ইউএস ওপেনে সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে দু’বার ওঠেন তিনি। পরবর্তীকালে ভারতীয় টেনিসের সঙ্গে নানাভাবে যুক্ত ছিলেন।

Advertisement

রোহিত আবার ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন। ২০২৫ সালে তাঁর নেতৃত্বে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সেরা হয় ভারত। টি-২০ বিশ্বকাপ জেতার পরই তিনি বিদায় জানান কুড়ি ওভারের ফরম্যাটকে। গত বছর অবসর নেন টেস্ট ক্রিকেট থেকেও। এখন শুধুমাত্র ওডিআই ফরম্যাটে খেলেন হিটম্যান। আন্তর্জাতিক ক্রিকেটে মোট ২০,১০৯ রান রয়েছে রোহিতের। তার মধ্যে ৫০টি সেঞ্চুরি ও ১১১টি হাফ-সেঞ্চুরি।

হরমনপ্রীত কাউর আবার ভারতের মহিলা ক্রিকেটে নতুন যুগের সূচনা করেছেন। তাঁর নেতৃত্বে গত নভেম্বরে প্রথমবারের জন্য মহিলাদের ওডিআই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। নভি মুম্বইয়ে হওয়া ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেন স্মৃতি মান্ধানা, জেমাইমা রডরিগেজরা। মহিলাদের ক্রিকেটে এটাই ভারতের প্রথম বিশ্বজয়। মহেন্দ্র সিং ধোনির পর দ্বিতীয় ভারতীয় ক্যাপ্টেন হিসেবে ঘরের মাঠে বিশ্বকাপ জেতেন হরমনপ্রীত। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর মোট রান ৮৩৯৩।

রোহিত-হরমনপ্রীত ছাড়াও পদ্মশ্রী পাচ্ছেন প্যারালিম্পিকসে সোনাজয়ী হাইজাম্পার প্রভীন কুমার, ভারতীয় মহিলা হকি দলের গোলকিপার সবিতা পুনিয়া, বর্ষীয়ান কোচ বলদেব সিং এবং কে পাজানিভেল। কুস্তির প্রয়াত কোচ ভ্লাদিমির মেস্টভিরিশভিলিও পাচ্ছেন মরণোত্তর পদ্মশ্রী। তিনি যোগেশ্বর দত্ত ও বজরং পুনিয়ার কোচ ছিলেন। বাংলার জিমন্যাস্ট কন্যা প্রণতি নায়েক পাচ্ছেন অর্জুন পুরস্কার। এছাড়াও এই সম্মানের তালিকায় রয়েছেন মহিলাদের দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন দিব্যা দেশমুখ, পুরুষ দাবাড়ু বিদিত গুজরাটি, ব্যাডমিন্টন তারকা গায়ত্রী গোপীনাথ, তৃষা জলি প্রমুখ।

সম্পর্কিত সংবাদ