নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: সামনেই ১৫ই আগস্ট, স্বাধীনতা দিবস। এই দিনটিকে সামনে রেখে গত কয়েক বছরের মতো এবছরও দেশজুড়ে পালন করা হচ্ছে হর ঘর তেরঙ্গা কর্মসূচি। বাদ যায়নি পশ্চিমবঙ্গও। ইতিমধ্যেই কলকাতায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হয়েছে তেরঙ্গা র্যালি। এবার জাতীয় পতাকা হাতে মিছিল হল জলপাইগুড়িতেও। জলপাইগুড়ি সদরের বিধায়ক অনন্ত দেব অধিকারীর নেতৃত্বে এদিনের তেরঙ্গা র্যালি শুরু হয় স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সামনে থেকে। জাতীয় পতাকা হাতে এই বিশাল মিছিল শেষ হয় ডিএম অফিসে পৌঁছে।
বর্ণাঢ্য মিছিলে বিধায়কের সঙ্গে হাঁটলেন জলপাইগুড়ির জেলাশাসক অর্পিতা চৌধুরী সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। এদিন বিধায়ক অনন্তদেব অধিকারী বলেন, শহরের প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উড়বে, স্কুল-কলেজে চলবে অনুষ্ঠান। জেলাশাসক অর্পিতা চৌধুরী জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে কয়েক দিন ধরেই একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। ঐক্য- সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি, স্বাধীনতা সংগ্রামীদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। আর সে ব্যাপারে উদ্যোগী জেলা প্রশাসন। র্যালিতে পা মেলালেন শহরের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা।