Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

হামাস মরতেই চায়, দাবি ট্রাম্পের! ‘অসমাপ্ত’ কাজ শেষ করতে ইজরায়েলকে নির্দেশ মার্কিন প্রেসিডেন্টের

আর কোনও আশা নেই। গাজায় অনাহারে ও রোগে ভুগেই মৃত্যু হবে সমস্ত মানুষদের।

হামাস মরতেই চায়, দাবি ট্রাম্পের! ‘অসমাপ্ত’ কাজ শেষ করতে ইজরায়েলকে নির্দেশ মার্কিন প্রেসিডেন্টের
  • ২৬ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

ওয়াশিংটন, ২৬ জুলাই: আর কোনও আশা নেই। গাজায় অনাহারে ও রোগে ভুগেই মৃত্যু হবে সমস্ত মানুষদের। কারণ আমেরিকার দাবি, হামাস জঙ্গি গোষ্ঠী যুদ্ধবিরতিতে রাজি হয়নি। আমেরিকা যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল সেটা প্রত্যাখান করেছে হামাস। সেই কারণেই ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায়  ‘অসমাপ্ত’ কাজ শেষ করে দিতে ইজরায়েলকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এক্ষেত্রে অসমাপ্ত কাজ বলতে, হামাস জঙ্গি গোষ্ঠীকে খতম করা। আর সেটা করতে গিয়েই গাজা উপত্যকাজুড়ে ধ্বংসলীলা শুরু করবে ইজরায়েলি সেনা। যার ফলে ক্ষতি হবে আমজনতার। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। হামাস যুদ্ধবিরতিতে না যাওয়ায় বিরক্ত হয়েছেন ট্রাম্প।

Advertisement

তিনি এই বিষয়ে স্কটল্যান্ড উড়ে যাওয়ার আগে বলেন, ‘হামাস সত্যিকারেই কোনও চুক্তি করতে চায় না। ওরা মরতেই চায়। খুবই খারাপ বিষয়টি। এবারে অসমাপ্ত কাজটি শেষ করতে হবে।’ গাজার বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করেই আমেরিকা ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির চেষ্টা চালাচ্ছিল। ট্রাম্প সেই দায়িত্ব দিয়েছিলেন মধ্যপ্রাচ্যের শান্তির জন্য নিযুক্ত মার্কিন সচিব স্টিভ উইটকফকে। কিন্তু পরিস্থিতি অনুকূল না থাকায় ও হামাস যুদ্ধবিরতিতে রাজি না হওয়ায় সরে দাঁড়ান স্টিভ উইটকফ। তারপরেই বেজায় খাপ্পা ট্রাম্প। হামাসের হাতে এখনও পণবন্দি রয়েছেন মার্কিন বংশোদ্ভূত ইজরায়েলের নাগরিক ইডান আলেকজান্ডার। তাঁকে ফেরত পেতেই হামাসের সঙ্গে ইজরায়েলের যুদ্ধবিরতি নিয়ে লাগাতার বৈঠক করেছেন ট্রাম্প। যদিও আমেরিকার কোনও শর্তেই রাজি হয়নি হামাস জঙ্গি গোষ্ঠী। যার ফলে চটেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, ‘আমরা শেষ পণবন্দিকে নিয়ে আলোচনা করছিলাম। ওরা জানে এই শেষ পণবন্দিকে ছেড়ে দিলে কি হতে পারে। সেই কারণেই আমার মনে হয়, ওরা কোনও চুক্তিতে যেতে রাজি হচ্ছে না। তাই ইজরায়েলকে বলেছি, শেষ করে দিতে হবে হামাসকে। ওরা(হামাস) খতম হবেই এটাই আমার বিশ্বাস।’ আর মার্কিন প্রেসিডেন্টের এই হুঁশিয়ারির পরই নতুন করে আশঙ্কার মেঘ জমেছে গাজায়। হামাসকে খতম করতে গিয়ে সাধারণ মানুষের উপর ফের কোপ পড়বে বলেই ধারণা ওয়াকিবহল মহলের। 

 

সম্পর্কিত সংবাদ