নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: কৈলাস-মানস সরোবর যাত্রা। তার জন্য সুদূর অস্ট্রেলিয়া থেকে নেপালে গিয়েছেন রঘু রঞ্জন এবং তাঁর স্ত্রী অর্চনা সুরেশ। দু’জনেই ভারতীয়। কিন্তু, ভয়াবহ বিপর্যয়ের পর তাঁদের সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না। তাঁদের উদ্ধারে সাহায্য চেয়ে বেঙ্গালুরু থেকে পরিবারের লোকজন হ্যাম রেডিয়োর ওয়েস্ট বেঙ্গল রেডিয়ো ক্লাবকে ফোন করেছে। শুধু এই ফোন কল নয়, এ রাজ্য সহ দেশ-বিদেশ থেকে আসছে একাধিক ফোন। কিন্তু, নেপালে ঢুকতেই পারলেন না হ্যামের সদস্যরা। অনুমতি মেলেনি। ফলে, তাঁরাও অসহায়। নেপালে ভূমিকম্পের সময় যোগাযোগ এবং উদ্ধাকাজে বিশেষ সাহায্য করেছিল হ্যাম রেডিয়ো।
হ্যাম রেডিয়োর ওয়েস্ট বেঙ্গল রেডিয়ো ক্লাবের (অ্যামেচার) সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস বলেন, অস্ট্রেলিয়া, কানাডা থেকে অনেক ভারতীয় নেপালে গিয়ে আটকে পড়েছেন। আমাদের রাজ্য এবং দেশের অনেকে আটকে আছেন সেখানে। আমরা এই ধরনের বিপর্যয়ে উদ্ধারকাজে সাহায্য করি। কারণ, এই সময় বিদ্যুৎ থাকে না। নেটওয়ার্কের সমস্যা হয়। সেক্ষেত্রে হ্যাম রেডিয়ো যোগাযোগের অন্যতম মাধ্যম হয়। আমরা একটি বড়ো দল তৈরি করে নেপালে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছিলাম। কিন্তু, আইনি জটিলতায় আমরা সেদেশে ঢুকতে পারলাম না। নেপাল সরকার থেকে আমাদের জানানো হয়েছে, ওই দেশের যোগাযোগ মন্ত্রক হ্যাম রেডিয়ো স্টেশন নিয়ে নেপাল যেতে দেবে না। কারণ নেপাল ওই সমস্ত কিছু আমদানি করে বিদেশ থেকে। বহু মানুষ আমাদের ফোন করছেন। এই অবস্থায় নেপালে বিপর্যস্ত মানুষের কাছে পৌঁছাতে না পারার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।