ইসলামাবাদ: মুজফ্ফরাবাদ শহর। দশকের পর দশক ধরে পাক অধিকৃত কাশ্মীরের এই শহর জঙ্গিদের আঁতুড়ঘর রূপে পরিচিত। লস্কর-ই-তোইবার শক্ত ঘাঁটি এই শহরেই। লস্করের ট্রেনিং ক্যাম্প গুঁড়িয়ে দিতে মঙ্গলবার রাতে এখানে আঘাত হেনেছে ভারত। আর সেই আঘাতে মাটিতে মিশে গিয়েছে লস্করের জঙ্গি তৈরির আখড়া। ভারতীয় গোয়েন্দারা জানিয়েছেন, এই লস্কর ক্যাম্পটির দায়িত্বে ছিল সংগঠনের প্রধান হাফিজ সইদের ছেলে তালহা। তাহলে ভারতের এই হামলাতে হাফিজ সইদেরও কি মৃত্যু হয়েছে? নানা মহল থেকে এই প্রশ্ন উঠতে শুরু করেছে। হামলার পর থেকে হাফিজ বা তালহার কোনও খোঁজ নেই। তাদের মৃত্যু নিয়ে কোনও উচ্চবাচ্য করছে না পাকিস্তানের কর্তাব্যক্তিরাও। এমনিতে পাকিস্তানের সেনা প্রশাসনের সঙ্গে লস্কর প্রধান সইদের দহরম মহরম নতুন কিছু নয়। এই অবস্থায় পাক প্রশাসনের নীরবতা সইদের মৃত্যর জল্পনাকে আরও জোরদার করছে। এই নিয়ে মুখ খোলেনি ভারতও। তবে প্রত্যাশার পারদ চড়ছেই। ঘটনাস্থলের ছবি বিশ্লেষণ করে পিতা-পুত্রের পরিণতির বিষয়টি নিশ্চিত হতে চাইছেন গোয়েন্দারা। পাশাপাশি জঙ্গি সহ সব পক্ষের ফোনে আড়ি পাতা হচ্ছে। অপারেশন সিন্দুরে হাফিজ ও তালহার মৃত্যু হলে, তা হবে বিরাট সাফল্য।



