নয়াদিল্লি: মহিলা নাকি সংখ্যালঘু মুখ। উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ জোটের প্রার্থী নিয়ে জল্পনা তুঙ্গে। নাম উঠে এসেছে বিহারের রাজ্যপাল আরিফ মহম্মদ খানের। এই তালিকাতেই এবার শামিল গুজরাতের রাজ্যপাল আচার্য দেবব্রত। সূত্রের খবর, উপরাষ্ট্রপতির দৌড়ে বর্তমানে অনেকটাই এগিয়ে তিনি।
মেয়াদ শেষের আগেই উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনকার। এর জেরেই নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। উপরাষ্ট্রপতি পদে এনডিএ জোটের প্রার্থী নির্ধারণের দায়িত্ব পেয়েছেন নরেন্দ্র মোদি ও জে পি নাড্ডা। সেই সূত্রেই একের পর এক নাম সামনে আসছে। আর সেই তালিকায় রয়েছেন গুজরাতের বর্তমান রাজ্যপাল আচার্য দেবব্রত। মূলত আর্য সমাজের সঙ্গে যুক্ত তিনি। আগে হরিয়ানার কুরুক্ষেত্রে গুরুকুলের প্রিন্সিপাল ছিলেন। ২০১৫ সালে হিমাচল প্রদেশের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হন। পরে ২০১৯ সালে গুজরাতের রাজ্যপালের দায়িত্ব পান। এখনও সেই পদেই বহাল রয়েছেন। শিক্ষা ও প্রশাসনিক জগতে দীর্ঘ ৩০ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। দেবব্রতর স্বচ্ছ ভাবমূর্তি তাঁকে উপরাষ্ট্রপতির দৌড়ে এগিয়ে রাখছে বলে সূত্র খবর। চর্চা চলছে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা ও জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার নাম নিয়েও।