Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

গতিশক্তি প্রকল্পে রদবদলের ভাবনা কেন্দ্রের, বৈঠক শীঘ্রই

গতিশক্তি প্রকল্পে রদবদলের ভাবনা কেন্দ্রের, বৈঠক শীঘ্রই
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কখনও ঘোষণা করা হয়েছে ১১ লক্ষ কোটি টাকার পরিকাঠামো লগ্নি। কখনও সব রেকর্ড ভেঙে ১১১ লক্ষ কোটি টাকার ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন। কখনও প্রধানমন্ত্রী গতিশক্তি মাস্টারপ্ল্যান ১০০ লক্ষ কোটি টাকার। বিগত বছরগুলিতে বাজেট অথবা বাজেট ঘোষণার বাইরে অবিরত পাহাড়প্রমাণ ঘোষণা করেছে মোদি সরকার। যার কোনও বাস্তবায়ন এখনও দৃষ্টিগোচর নয়। ২০২১ সালে ঘোষণা করা হয়েছিল, ভারতের হাল বদলে দেওয়া হবে পরিকাঠামোয়। টেলিকম থেকে রেল। সড়ক থেকে প্রযুক্তি। ভারত হবে বিশ্বের গতিশীল দেশ। প্রধানমন্ত্রী গতিশক্তি মাস্টারপ্ল্যান। ২০২৪ সাল এসে চলেও যাচ্ছে। এখনও সেই প্রকল্প কোথায় দাঁড়িয়ে আছে সেটা সরকারের কোনও মন্ত্রকই স্পষ্ট জানে না। কারণ একটাই । অর্থ কোথা থেকে আসবে? 
Advertisement
১০০ লক্ষ কোটি টাকার লগ্নি মাত্র পাঁচ বছরেই করে ফেলা কি আদৌ সম্ভব? সম্ভব যে নয়, তার প্রমাণ হল, এবার গতিশক্তি প্রকল্প নিয়ে বড়সড় বদলের ভাবনা এসেছে সরকারের অন্দরে। মোট ১৫টি মন্ত্রককের মধ্যে সমন্বয় সাধান করে এই প্রকল্প রূপায়িত করার কথা ছিল। কিন্তু আদতে মুখ থুবড়ে পড়েছে। আপাতত ১৫ লক্ষ কোটি টাকার পরিকাঠামো প্রকল্প পরিকল্পনা শুধুমাত্র অনুমোদিত হয়েছে বলে সরকারের দাবি। বাস্তবায়িত হয়নি। বাকি কাজ করতে হলে বেসরকারি সেক্টরকে যুক্ত করতে হবে। আর সেক্ষেত্রে দেশের নানাবিধ সেক্টরের ডেটা শেয়ার করতে হবে। বেসরকারি সেক্টরের যে সংস্থাই আসবে সরকারি এই মেগা প্রকল্পে তাদের সঙ্গেই কি ডেটা শেয়ার করা উচিত? আগামী দিনে সেটা কি বিপদ ডেকে আনবে না? এই সিদ্ধান্তই গ্রহণ করা হবে। আর তা‌ই আগামী কিছুদিনের মধ্যেই খোদ ক্যাবিনেট সচিব উচ্চপর্যায়ের বৈঠক করবেন। সেই বৈঠকে ১৫ মন্ত্রকই থাকবে। ২ লক্ষ কিলোমিটার রাস্তা নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। কিন্তু ১০০ লক্ষ কোটি টাকার প্রকল্প রূপায়ণ তো দূরঅস্ত, পরিকল্পনা করাই দুঃসাধ্য হচ্ছে। তাই নতুন করে পরিকল্পনার সিদ্ধান্ত।
সম্পর্কিত সংবাদ