Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

গোসাবা: তৃণমূলের একাধিক  গোষ্ঠীর কাজে ছড়াচ্ছে বিভ্রান্তি

গোসাবা: তৃণমূলের একাধিক  গোষ্ঠীর কাজে ছড়াচ্ছে বিভ্রান্তি
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের গোসাবা বিধানসভা এলাকায় তৃণমূলের অন্দরে ডামাডোল চলছে। পরিস্থিতি এমন যে দলের নিচুতলার কর্মী-সমর্থকরা রীতিমতো বিভ্রান্ত। বিধায়ক এবং তাঁর বিরোধী পক্ষ—এই দু’টি গোষ্ঠী তো আছেই। সম্প্রতি আরও একটি গোষ্ঠী নিজেদের নেতৃত্বের জায়গায় তুলে ধরার জন্য তলে তলে মরিয়া চেষ্টা চালাচ্ছে। ফলে গোসাবা বিধানসভা এলাকায় কারা বা কোন গোষ্ঠী নেতৃত্বে থাকবে, তা নিয়ে নানা জল্পনা তৈরি হচ্ছে। বাড়ছে বিভ্রান্তিও। 
Advertisement
তৃণমূল ও স্থানীয় সূত্রে খবর, উপ নির্বাচনে জেতার পর থেকেই বিরোধী গোষ্ঠীর দাপটে একপ্রকার কোণঠাসা হয়ে আছেন বিধায়ক সুব্রত মণ্ডল। তাঁর বিরোধী বলে পরিচিত গোষ্ঠী ক্রমশ শক্তি বাড়িয়েছে গোটা দ্বীপাঞ্চলে। যদিও বিধায়কের অনুগামীরা সহজে হাল ছাড়ছেন না। দুই গোষ্ঠী নিজেদের মতো করে বিভিন্ন এলাকায় বৈঠক করে কর্মীদের ধরে রাখতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে তৃতীয় গোষ্ঠীর উত্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ফলে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা রাজনৈতিক মহল থেকে এলাকাবাসীর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রয়াত বিধায়ক জয়ন্ত নস্করের পারিবারিক ঘনিষ্ঠ বৃত্তের একজন তৃণমূল নেতা সমর্থকদের নিয়ে এখন বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি নিচ্ছেন। নতুন এই গোষ্ঠীর কার্যকলাপ নজর কাড়ছে অনেকের। প্রসঙ্গত, জয়ন্তবাবু প্রয়াত হওয়ার পর থেকেই গোসাবাজুড়ে শাসক দলের অন্দরে আকচাআকচি প্রকট হতে শুরু করে। গোসাবায় তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হলেও তাতে রাশ টানতে সফল হয়নি উচ্চ নেতৃত্ব। দলের নিচুস্তরের কর্মী ও সাধারণ সমর্থকরা বলছেন, ‘এখানে কে নেতা, কে কোন নেতার অনুগামী, সেসব নিয়েই বেশি মাথাব্যথা সবার। বিধানসভা ভোটের আগে প্রত্যেক পক্ষই তাদের ক্ষমতা জাহির করতে মরিয়া হয়ে উঠেছে। এতে আমরা বিভ্রান্ত।’ এই পরিস্থিতি নিয়ে গোসাবায় তৃণমূলের আহ্বায়ক তথা জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষ মণ্ডল বলেন, ‘মানুষ কোনও ব্যক্তিকে দেখে আমাদের সমর্থন দেয় না। কর্মী সমর্থকরাও বিভ্রান্ত নন মোটেই। তাঁরা দলের নির্দেশে কাজ করবেন।’ ‘তৃতীয় গোষ্ঠী’ বলে আদতে কিছু নেই বলেও দাবি ওই তৃণমূল নেতার। 
সম্পর্কিত সংবাদ