সংবাদদাতা, ময়নাগুড়ি: গত ১৫ দিনে ১০টি বালিবোঝাই ট্রাক্টর আটক করেছে পুলিস। তা সত্ত্বেও দাপট কমছে না বালি মাফিয়াদের। প্রশাসনের নজর এড়িয়ে নদী থেকে বালি পাচার চলছেই। মঙ্গলবার রাতেও ময়নাগুড়ির জোরপাকড়ি থেকে এক বালি মাফিয়কে গ্রেপ্তার করে পুলিস। আটক করা হয় ট্রাক্টর। ময়নাগুড়ি থানার পুলিস জানিয়েছে, ধৃতের নাম সদাশিব রায়। অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলার রুজু করা হয়েছে।
Advertisement
কিছুদিন আগেই জল্পেশের জর্দা নদী থেকে অবৈধভাবে বালি তোলার অভিযোগে চারটি ট্রাক্টর একদিনে আটক করেছিল পুলিস। সেই ঘটনায় গ্রেপ্তার হয়েছিল চারজন। পরবর্তীতে আরও একজনকে বালি ভর্তি ট্রাক্টর সহ গ্রেপ্তার করা হয়েছিল। মঙ্গলবার ময়নাগুড়ি থানায় খবর আসে, জোরপাকড়িতে একটি ট্রাক্টরে বালি পাচার করা হচ্ছে। খবর পেয়ে সাদা পোশাকের পুলিস অভিযুক্তকে ধরতে ঘটনাস্থলে উপস্থিত হয়। সাদা পোশাকে থাকলেও পুলিসকে চিনে ফেলে সদাশিব। সে ট্রাক্টর ছেড়ে পালালে তার পিছু নেয় পুলিস। বেশ কিছুটা রাস্তা ধাওয়া করে অবশেষে অভিযুক্তকে পাকড়াও করা হয়। বালি পরিবহণের বৈধ নথি না দেখাতে পারায় গ্রেপ্তার করা হয় সদাশিবকে।
ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন, ব্লকের প্রতিটি নদীতে আমাদের নজরদারি চলছে। অবৈধ বালি কারবারিদের গ্রেপ্তার করা হচ্ছে। রাজস্ব ফাঁকি দিয়ে বালি উত্তোলন কোনওভাবে বরদাস্ত করা হবে না।
ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন, ব্লকের প্রতিটি নদীতে আমাদের নজরদারি চলছে। অবৈধ বালি কারবারিদের গ্রেপ্তার করা হচ্ছে। রাজস্ব ফাঁকি দিয়ে বালি উত্তোলন কোনওভাবে বরদাস্ত করা হবে না।



