Bartaman Logo
৩০ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

গ্রিন কার্ড: পেশ নতুন বিল, আশায় এইচ১বি ভিসাধারী ভারতীয়রা

দ্বিতীয় পর্বে ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসন রুখতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গ্রিন কার্ড: পেশ নতুন বিল, আশায় এইচ১বি ভিসাধারী ভারতীয়রা
  • ৩০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: দ্বিতীয় পর্বে ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসন রুখতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মধ্যেই দীর্ঘদিন ধরে আমেরিকায় থাকা পেশাদাররা যাতে গ্রিন কার্ড (স্থায়ী বাসিন্দার মর্যাদা) পেতে পারেন, তার জন্য সেনেটে একটি বিল পেশ করলেন ডেমোক্র্যাট সেনেটর অ্যালেক্স প্যাডিলা। সেই তালিকায় রয়েছে এইচ-১বি ভিসা নিয়ে আমেরিকায় থাকা পেশাদাররাও। আর সেই সুবাদেই নতুন করে আশায় বুক বাঁধছেন মার্কিন মুলুকে থাকা বহু ভারতীয়। এই বিলটি আইনে পরিণত হলে অন্তত সাত বছর ধরে সেদেশে থাকা অভিবাসীরা গ্রিন কার্ডের জন্য আবেদন জানাতে পারবেন। ফলে যে সমস্ত ভারতীয় এতদিন ধরে এইচ-১বি ভিসায় আমেরিকার বিভিন্ন সংস্থায় কর্মরত রয়েছেন, তাঁরাও গ্রিন কার্ড পেতে পারেন।

Advertisement

জমা দেওয়া প্রস্তাবে ক্যালিফোর্নিয়ার সেনেটর অ্যালেক্স প্যাডিলা জানিয়েছেন, ১৯৮৬ সালের পর থেকে এই সংক্রান্ত আইন সংশোধন হয়নি। তা সংশোধিত হলে প্রায় ৮০ লক্ষ মানুষ উপকৃত হবেন। প্যাডিলার অফিসের তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘লক্ষ লক্ষ অভিবাসী প্রতিদিন আমাদের অর্থনীতি ও সমাজে নিজেদের অবদান রেখে চলেছেন। কংগ্রেস কখনই এই অভিবাসীদের থেকে মুখ ফিরিয়ে থাকতে পারে না।’ ডেমোক্র্যাট সেনেটর আইন বদলের দাবি তুললেও রিপাবলিকানরা এখনও ট্রাম্পের অভিবাসন নীতির পাশেই রয়েছেন। ফলে কবে এই প্রস্তাব আইনে পরিণত হবে, সেদিকেই তাকিয়ে মার্কিন মুলুকে কর্মরত ভারতীয়রা।

Advertisement
সম্পর্কিত সংবাদ