Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এসআইআর আবহে জিপিডিপি নিয়ে গ্রামসভা উত্তর ও গৌড়বঙ্গে

এখনও সাড়ে তিনমাস বাকি। তা সত্ত্বেও এসআইআর আবহে ২০২৬-’২৭ অর্থবর্ষের খসড়া গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা (জিপিডিপি) প্রস্তুতে ঝাঁপিয়েছে রাজ্য সরকার।

এসআইআর আবহে জিপিডিপি নিয়ে গ্রামসভা উত্তর ও গৌড়বঙ্গে
  • ১২ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সুব্রত ধর, শিলিগুড়ি: এখনও সাড়ে তিনমাস বাকি। তা সত্ত্বেও এসআইআর আবহে ২০২৬-’২৭ অর্থবর্ষের খসড়া গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা (জিপিডিপি) প্রস্তুতে ঝাঁপিয়েছে রাজ্য সরকার। এজন্য উত্তর ও গৌড়বঙ্গের পঞ্চায়েত স্তরে চলছে গ্রামসভা। এদিকে, দারিদ্রদূরীকরণ সহ বিভিন্ন থিম নির্ভর উন্নয়নের পরিকল্পনা করতে আজ, বৃহস্পতিবার মালদহে ব্লকে ব্লকে হবে কর্মশালা। অন্যদিকে, এবার এখনও পর্যন্ত রাজস্ব আদায়ে রাজ্যের মধ্যে সেরা শিলিগুড়ির চম্পাসরি গ্রাম পঞ্চায়েতে। ছ’মাসে তাদের রাজস্ব আদায়ের পরিমাণ প্রায় ৮৫ লক্ষ টাকা। 

Advertisement

গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করেই গ্রামের উন্নয়ন করতে হবে। প্রশাসনিক সভায় সর্বদাই এমন বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেজন্য গ্রাম পঞ্চায়েতগুলি পাড়া বৈঠক করে খসড়া জিপিডিপি তৈরি করেছে। এখন ভোটার তালিকা নিয়ে এসআইআরে নেমেছে নির্বাচন কমিশন। এতে প্রশাসনের একাংশ ব্যস্ত। তা সত্ত্বেও এবার গ্রামসভায় খসড়া জিপিডিপির পাস করা হচ্ছে। এজন্য গত ৯ ডিসেম্বর খড়িবাড়ি ব্লকের বুড়াগঞ্জ পঞ্চায়েতে সভা হয়। বৃহস্পতিবার সভা হয় বিন্নাবাড়ি পঞ্চায়েতে। আগামী ১৫ তারিখ হবে চম্পাসারি গ্রাম পঞ্চায়েতে। 
প্রশাসনের এক আধিকারিক বলেন, মহকুমার ২২টি গ্রাম পঞ্চায়েতে পাড়া বৈঠক করে আগেই ২০২৬-’২৭ অর্থবর্ষের জন্য প্রকল্প রচনা করা হয়েছে। তাতে রাস্তা, নিকাশি নালা, পানী‌য় জল, বিদ্যুৎ, ভবন সংস্কার সহ বিভিন্ন প্রকল্প রয়েছে। এখন গ্রামসভায় সকলের উপস্থিতিতে উন্নয়নের প্রস্তাবিত প্রকল্প পাস করা হচ্ছে। আগামী জানুয়ারি মাসের মধ্যে পঞ্চায়েতে বিশেষ সভা করে চূড়ান্ত পরিকল্পা রূপায়ণ করা হবে। তাতেই উল্লেখ থাকবে কোন প্রকল্প কোন অর্থ থেকে করা হবে। সেই নকশা অনুসারে পরবর্তীতে উন্নয়নমূলক কাজ করা হবে। 
চম্পাসারি গ্রাম পঞ্চায়েতের প্রধান জনক সাহা বলেন, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের নির্দেশে জিপিডিপি প্রস্তুত করতে উদ্যোগী হয়েছি। এতে আগামী আর্থিকবর্ষে উন্নয়নমূলক কাজে গতি আরও বাড়বে। 
এদিকে, গ্রামে ‘থিম’ নির্ভর উন্নয়ন করা জিপিডিপির একটি অঙ্গ। কয়েক মাস আগে এবিষয়ে শিলিগুড়িতে চারটি ব্লকে কর্মশালা হয়। আজ, মালদহের ১৫টি ব্লকের ১৪৬টি পঞ্চায়েতে হবে থিম নির্ভর গ্রাম গড়ার কর্মশালা। শিবিরে পঞ্চায়েতের সঞ্চালক ও সচিবদের ডাকা হয়েছে। প্রশাসনের এক আধিকারিক বলেন, দারিদ্রদূরীকরণ, মহিলা স্বনির্ভরতা, শিশু ও মহিলাবান্ধব এমন ন’টি থিমের উপর গ্রাম গড়ে তোলাই সরকারের লক্ষ্য। সংশ্লিষ্ট থিমগুলি বাস্তবায়িত করার বিষয় নিয়েই শিবিরে আলোচনা করা হবে। এরপর আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর শিলিগুড়িতে পঞ্চায়েতস্তরে অর্থ খরচের বিষয়ে কর্মশালা হওয়ার কথা। 
অন্যদিকে, রাজস্ব আদায়ে চম্পাসরি গ্রাম পঞ্চায়েতের ভূমিকা প্রশংসনীয়। প্রধান বলেন, রাজ্যের নির্দেশে অনলাইনে কর আদায় করছি। গত জুলাই থেকে এখন পর্যন্ত এখানে রাজস্ব আদায় হয়েছে প্রায় ৮৫ লক্ষ টাকা। এতে রাজ্যে আমরা সেরা। মহকুমা প্রশাসনের এক আধিকারিক জানান, চম্পাসারির মতো পাথরঘাটা পঞ্চায়েতেরও রাজস্ব আদায়ের পরিমাণ ভালো।

Advertisement
সম্পর্কিত সংবাদ