নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভায় পাস হাওয়ার পর রাজভবনে গিয়ে বছরের পর বছর পড়ে থাকছে একাধিক বিল। বিষয়টি নিয়ে বারবার রাজভবনের দিকেই অভিযোগের তির নিক্ষেপ করেছে সরকার পক্ষ। এই প্রেক্ষাপটে মঙ্গলবার মাত্র তিনটি বিলের অনুমোদন বা ছাড়পত্র দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ছাড়পত্র পাওয়া বিলগুলির বিষয়ে এদিন রাজভবন থেকে বিবৃতিও দেওয়া হয়েছে। যদিও তাতে খুব একটা খুশি নয় বিধানসভার সচিবালয়। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যে বিলগুলির ছাড়পত্র রাজ্যপাল দিয়েছেন, তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ বিল রাজভবনে পড়ে রয়েছে। রাজ্যপাল সেই বিলগুলির ক্ষেত্রে দ্রুত অনুমোদন দিলে সাধারণ মানুষের অনেক উপকার হবে।’
২০১৬ সাল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ২৩টি বিল বিধানসভায় পাস করিয়ে রাজ্যপালের কাছে পাঠানো হয়েছিল। এই ২৩টি বিলের মধ্যেই মঙ্গলবার তিনটি বিলে ছাড়পত্র দিয়েছেন রাজ্যপাল। এদিন রাজভবনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, পশ্চিমবঙ্গ টাউন অ্যান্ড কান্ট্রি বিল (সংশোধন) ২০২৩, পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার ও ভাড়াটিয়া ট্রাইব্যুনাল (সংশোধন) বিল ২০২২, পশ্চিমবঙ্গ কর ট্রাইব্যুনাল (সংশোধন) বিল ২০২২-এ ছাড়পত্র দিয়েছেন রাজ্যপাল। এছাড়া, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশন (সংশোধন) বিল ২০২৫ বিধানসভায় উপস্থাপনের জন্য রাজ্যপাল সুপারিশ করেছেন। এই বিবৃতির সূত্র ধরেই বিধানসভার অধ্যক্ষ মনে করিয়ে দেন, ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল, গণপিটুনি প্রতিরোধ বিল সহ একাধিক গুরুত্বপূর্ণ বিল আটকে রয়েছে। রাজভবন যেন সেদিকে গুরুত্ব দেয়।