নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে আদালতে পেশ করা চার্জশিটে অনুমোদন দিলেন রাজ্যপাল। রাজভবনের ওই ছাড়পত্র মেলার পর বুধবার চার্জশিট বিচারভবনের বিশেষ আদালতে গৃহীত হয়। তারই পরিপ্রেক্ষিতে বিচারক অভিযুক্ত মন্ত্রীকে আগামী ১২ সেপ্টেম্বর আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির নির্দেশ দেন। সম্প্রতি ইডি রাজ্যের কারা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছিল। কিন্তু রাজ্যপালের পক্ষ থেকে প্রয়োজনীয় অনুমোদন না মেলায় ওই চার্জশিটের ভিত্তিতে কোনও আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারেনি আদালত। মামলার শুনানিও থমকে যায়। আদালত সূত্রে জানা গিয়েছে, এই মামলার তদন্ত করতে গিয়ে ইডির অফিসাররা মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালান। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল প্রায় ৪১ লক্ষ টাকা। বাজেয়াপ্ত করা হয়েছিল তাঁর মোবাইল ফোনটিও। অবশেষে চার্জশিট আদালতে গৃহীত হওয়ায় আগামী দিনে এই মামলায় ‘গতি’ আসবে বলে আশা প্রকাশ করেছেন ইডির আধিকারিকরা।



