নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বছর ঘুরলেই বিধানসভা ভোটের দামামা বেজে যাবে। তার আগে উন্নয়নমূলক কাজ শেষ করার জন্য চাপ দিচ্ছে নবান্ন। তাই নির্দিষ্ট সময়ের অন্তত দু’মাস আগে থেকে ‘সবুজসাথী’ প্রকল্পে সাইকেল বণ্টনের প্রাথমিক প্রক্রিয়া শুরু করে দিল সরকার। স্কুলগুলিতে পড়ুয়াদের নাম যাচাইয়ের কাজ শুরু হচ্ছে জুন থেকে। গতবার এই কাজ হয়েছিল আগস্টে। এবার পুজোর পরই সাইকেল বিলির লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য। আগামী বছর ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে ফেব্রুয়ারির শেষ বা মার্চের শুরুতে। তার আগেই ছাত্রছাত্রীদের হাতে সাইকেল তুলে দেওয়ার কাজ শেষ করতে তৎপর হয়েছে সরকার। তা না হলে নির্বাচনের আদর্শ আচরণবিধির গেরোয় আটকে যেতে পারে সাইকেল বণ্টন। গত বছরের সাইকেল দেওয়ার কাজ শুরু হয়েছিল এ বছর জানুয়ারিতে।
স্কুলগুলি পড়ুয়াদের তথ্য যাচাই শেষ করার পরই জানা যাবে, কত সাইকেলের বরাত দিতে হবে রাজ্যকে। গতবার প্রায় ১২ লক্ষ সাইকেল বিলি করা হয়েছিল। ধরে নেওয়া হচ্ছে, এবারও প্রায় একই সংখ্যক পড়ুয়া ‘সবুজসাথী’র সাইকেল পাবে। জেলার এক আধিকারিক বলেন, ‘এবার অনেক আগেই এই প্রক্রিয়া শুরু হল। জুন মাসজুড়ে স্কুলে স্কুলে তথ্য যাচাইয়ের কাজ হবে। তারপর ছাত্রছাত্রীদের নাম নির্দিষ্ট পোর্টালে আপলোড করবেন আধিকারিকরা। একবারে সব করতে গেলে সার্ভার বসে যেতে পারে। তাই দিন ভাগ করে জেলাগুলিকে এই কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।’ এদিকে, গত বারের অর্থাৎ দশম দফায় ৩০ হাজারের বেশি ছাত্রছাত্রীর সাইকেল পাওয়া বাকি আছে। কারণ, বন্টনের সময় সাইকেল কম পড়ে যায়। ইতিমধ্যে অনগ্রসর শ্রেণিকল্যাণ দপ্তরকে বিষয়টি জানানো হয়েছে। শীঘ্রই ওই পড়ুয়াদের সাইকেল তুলে দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। একাদশ দফার সাইকেল তুলে দেওয়ার আগেই এই ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া হবে বলে খবর।