সংবাদদাতা, তারকেশ্বর: তারকেশ্বর থেকে পাঁচটি রুটে সরকারি বাস চলাচলের সূচনা হল সোমবার। তারকেশ্বর নতুন বাসস্ট্যান্ডে এই সংক্রান্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারকেশ্বরের বিধায়ক সন্তু পানসহ পরিবহণ দপ্তরের আধিকারিকবৃন্দ।
সংবাদদাতা, তারকেশ্বর: তারকেশ্বর থেকে পাঁচটি রুটে সরকারি বাস চলাচলের সূচনা হল সোমবার। তারকেশ্বর নতুন বাসস্ট্যান্ডে এই সংক্রান্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারকেশ্বরের বিধায়ক সন্তু পানসহ পরিবহণ দপ্তরের আধিকারিকবৃন্দ।
নতুন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, রাজ্যজুড়ে মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াতের সুযোগ পাচ্ছেন। কিন্তু তারকেশ্বর থেকে কোনো সরকারি বাস এতদিন চলাচল করত না। ফলে তারকেশ্বরসহ সংলগ্ন এলাকার মহিলারা এই সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছিলেন। বিষয়টি মাথায় রেখে তারকেশ্বর বিধানসভার বিধায়ক সন্তু পান পরিবহণ দপ্তরে আবেদন জানান।
সেই অনুযায়ী পাঁচটি গন্তব্যে প্রতিদিন চলবে সরকারি বাস। নির্ধারিত পাঁচটি গন্তব্যের মধ্যে বাঁকুড়া-তারকেশ্বর বাসটি যথাক্রমে কামারপুকুর, জয়রামবাটি, কোতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর হয়ে বাঁকুড়া পৌঁছবে। দীঘা থেকে তারকেশ্বর যাতায়াতের সরকারি বাসটি আরামবাগ, কামারপুকুর, ক্ষীরপাই, ঘাটাল, মেছেদা, তমলুক, কাঁথি হয়ে দীঘা পৌঁছবে। তারকেশ্বর থেকে খড়্গপুর যাওয়ার বাস আরামবাগ, কামারপুকুর, ক্ষীরপাই, চন্দ্রকোণা, কেশপুর, মেদিনীপুর হয়ে খড়্গপুর পৌঁছবে। এছাড়া তারকেশ্বর-বর্ধমান ও তারকেশ্বর-কলকাতা বাস চলাচল করবে। এই পাঁচটি রুটে একটি বাস প্রতিদিন যাতায়াত করবে। বাস চলাচলের সময় সূচি স্থানীয় যাত্রীদের সঙ্গে আলোচনা করে ঘোষণা করা হবে। এই সুবিধা চালু হওয়ার ফলে তারকেশ্বর থেকে দীঘা হোক বা বাঁকুড়া, এই এলাকার মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।
এছাড়া, শ্রাবণী মেলা উপলক্ষ্যে সপ্তাহে তিনদিন মহাদেব এক্সপ্রেস নামে ৪০টি সরকারি বাস তারকেশ্বর থেকে কলকাতায় যাতায়াত করবে। শ্রাবণ মাসজুড়ে বাসগুলি চলবে।