


নিজস্ব প্রতিনিধি, মালদহ: সুপ্রিম কোর্টের নির্দেশে জেলায় জেলায় নথি যাচাইয়ের কাজ শুরু করলেন বিচারকরা। গৌড়বঙ্গের তিন জেলা দুই দিনাজপুর ও মালদহ মিলিয়ে এসআইআরের নথি যাচাই করছেন ১৯ জন বিচারক। তাঁদের মধ্যে মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলায় সাতজন করে এবং উত্তর দিনাজপুর জেলায় পাঁচজন বিচারক এই কাজ শুরু করেছেন।
মালদহ জেলায় ১২টি বিধানসভা কেন্দ্র রয়েছে। এসআইআর পর্ব শুরু হওয়ার আগে জেলায় প্রায় ৩২ লক্ষ ভোটার ছিল। কিন্তু ইনিউমারেশন ফর্ম পূরণ হওয়ার পর দেখা যায় মৃত, অন্যত্র চলে যাওয়া এবং একই ব্যক্তির দুই জায়গায় নাম থাকার কারণে খসড়া তালিকায় প্রায় ২ লক্ষ ভোটারের নাম বাদ যায়। পরে লজিকাল ডিসক্রিপেন্সির তালিকায় থাকা দশ লক্ষের বেশি মানুষকে শুনানিতে ডাকা হয়েছিল। সেই পর্বে নথি যাচাইয়ের প্রক্রিয়া নিয়ে বিভিন্ন অভিযোগ ওঠার পর সুপ্রিম কোর্ট বিচারকদের হাতে যাচাইয়ের দায়িত্ব দিয়েছিল। গৌড়বঙ্গে প্রথম দু’দিন বিচারকদের জেলা প্রশাসনিক ভবনে এবিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। তারপরেই পুরোদমে কাজ শুরু করেছেন বিচারকরা।
কমিশন সূত্রে জানা গিয়েছে,শুনানিতে আসা ভোটারদের নথি যাচাইয়ের জন্য মালদহ জেলার জন্য ১২টি বিধানসভার জন্য আপাতত সাতজন বিচারককে দায়িত্ব দেওয়া হয়েছে। জেলা প্রশাসনিক কার্যালয়ে বসেই তাঁরা নথি যাচাইয়ের কাজ চালিয়ে যাচ্ছেন।
এদিকে দক্ষিণ দিনাজপুর জেলায় সাতজন বিচারক নথি যাচাইয়ের কাজ শুরু করেছেন। জেলায় বালুরঘাট সহ সাতটি বিধানসভা কেন্দ্র আছে। বিচারকরা নথি যাচাইয়ের কাজ করছেন জেলা প্রশাসনিক কার্যালয়েই।
উত্তর দিনাজপুর জেলার ৯টি বিধানসভা এলাকায় লজিকাল ডিসক্রিপেন্সি তালিকায় থাকা ভোটারদের তথ্য খতিয়ে দেখার কাজ করছেন পাঁচজন বিচারক। বেশিরভাগ ক্ষেত্রে জেলা থেকে বসেই বিচারকরা এসআইআরের কাজ করছেন বলে জানা গিয়েছে।
জেলা প্রশাসন সূত্রে খবর, কোন বিধানসভা এলাকায় কতজন ভোটারের ব্যাপারে তথ্য পুনর্বিবেচনা হচ্ছে, সেবিষয়ে ব্লক এমনকি জেলাস্তরেও গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। রবিবার থেকেই এব্যাপারে প্রশাসনের সঙ্গে বৈঠক শুরু হয়েছিল। তারপর থেকে সোম, মঙ্গল এবং বুধবার এই কাজ পুরোদমে করেছেন বিচারকরা।