Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গোপালনগরে খুনের চেষ্টার মামলা: বিভ্রান্তিকর রিপোর্ট পেশ, পুলিস সুপারকে সর্তক করল আদালত

গোপালনগরে খুনের চেষ্টার মামলা: বিভ্রান্তিকর রিপোর্ট পেশ, পুলিস সুপারকে সর্তক করল আদালত
  • ২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর ২৪ পরগনার গোপালনগর থানা এলাকায় ২০২০ সালে এক খুনের চেষ্টার মামলায় কোর্টে বিভ্রান্তিকর রিপোর্ট পেশ করায় পুলিস সুপারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করল আদালত। বনগাঁর দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক প্রদীপকুমার অধিকারী এই বিষয়ে সংশ্লিষ্ট পুলিস কর্তাকে সর্তক করে দেন। পাশাপাশি এই মামলায় খাতায়‑কলমে চার্জশিট দেওয়ার যে তারিখ রয়েছে, তার সঙ্গে বাস্তবে দেখা গিয়েছে, সেই চার্জশিট পেশ করা হয়েছে দীর্ঘ নয় মাস পরে। সেই বিষয়ে ওই পুলিস কর্তার রিপোর্টে অসন্তোষ প্রকাশ করেছেন বিচারক। তা নিয়ে সংশ্লিষ্ট পুলিস কর্তাকে সর্তক করে দিয়ে আগামী ১০ জুন এই বিষয়ে ফের রিপোর্ট পেশ করার নির্দেশ দেন।

Advertisement

আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালের ওই খুনের চেষ্টার মামলাটির বিচার চলছিল বনগাঁ আদালতে। সম্প্রতি সেই মামলার শুনানি চলাকালে সরকারি কৌঁসুলি মামলায় নতুন করে চারজনকে সাক্ষী করতে চেয়ে কোর্টের কাছে আর্জি জানান। এরপরই বিচারক তদন্তকারী পুলিস অফিসারের নড়বড়ে তদন্ত নিয়ে একগুচ্ছ প্রশ্ন তোলেন। বিচারক মামলার তদন্তকারী পুলিস অফিসার ও থানার ওসির বিরুদ্ধে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন পুলিস সুপারকে। পাশাপাশি তাঁকে এই বিষয়ে আদালতে রিপোর্ট পেশ করার কথাও বলেন। সম্প্রতি পুলিস সুপার আদালতে রিপোর্ট পেশ করেন। সেই রিপোর্টে আদালত যে প্রশ্ন তুলেছিল, সেই প্রশ্নের সঠিক প্রতিফলন ছিল না তাঁর রিপোর্টে। পাশাপাশি যাকে খুনের চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ, তাঁর মেডিক্যাল রিপোর্ট নিয়েও পুলিস সুপারের পেশ করা রিপোর্টের মধ্যে ছিল নানা বিভ্রান্তি। এরপরই তিনি ওই পুলিস কর্তার পাঠানো রিপোর্টে অসন্তোষ প্রকাশ করে বিচারক তাঁকে সর্তক করেন।                                                                                                                    

Advertisement
সম্পর্কিত সংবাদ