


লন্ডন: জার্সিতে লেগে রয়েছে ঘাস-মাটি। বেশ ময়লা, বোঝাই যাচ্ছে কাচা হয়নি। শুভমান গিলের লর্ডস টেস্টের সেই জার্সিই নিলামে বিক্রি হল ৪৫০০ পাউন্ডে। ভারতীয় মুদ্রায় যা ৫ লক্ষেরও বেশি টাকা। অ্যান্ড্রু স্ট্রসের চ্যারিটি ‘রেড ফর রুথ’-এ জার্সিটি দান করেছিলেন গিল। প্রয়াত স্ত্রী, রুথের স্মৃতিতে এই ক্যান্সার ফাউন্ডেশন গড়েছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। তাদের উদ্যোগে গিলের জার্সি তোলা হয়েছিল নিলামে।
লর্ডস টেস্টে মাত্র ২২ রানের জন্য হেরেছিল ভারত। সেই ম্যাচের একটা দিন উভয় দলের ক্রিকেটাররা বিশেষ জার্সি পরে খেলেন। গিল অবশ্য একা নন, অন্য ভারতীয় ক্রিকেটাররাও স্ট্রসের ফাউন্ডেশনকে জার্সি দেন। সব জার্সিই নিলাম হয়েছে। সেই অর্থ ব্যবহার করা হবে ক্যান্সার আক্রান্তদের চিকিৎসার জন্য। ফাউন্ডেশনের তরফ থেকে বলা হয়েছে, ‘রুথ স্ট্রস ফাউন্ডেশনকে সহায়তা করার উদ্দেশ্যে এই বিশেষ শার্ট পরেছিলেন ক্রিকেটাররা। জার্সিতে সারাদিন খেলার নানা চিহ্ন ফুটে রয়েছে। ময়লা দাগ রয়েছে। ধোয়াও হয়নি। এই মুহূর্তে বিশ্বক্রিকেটে উজ্জ্বলতম প্রতিভার মধ্যে পড়েন গিল। দুরন্ত স্ট্রোক ও টেম্পারামেন্ট তাঁর সম্পদ। এই জার্সিটা পরে খেলার কারণে অপরিষ্কার হয়ে গেলেও, এর তাৎপর্যই আলাদা। সংগ্রাহকের কাছে এটা বিরল আইটেম।’
ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসের জার্সির দাম উঠেছে ৩৪০০ পাউন্ড। ভারতীয় মুদ্রায় যার মূল্য পুরোপুরি ৪ লক্ষ টাকা। ঋষভ পন্থের জার্সিরও একই দাম উঠেছে। জো রুটের জার্সির মূল্য অবশ্য তুলনায় বেশি, ৩৮০০ পাউন্ড। ভারতীয় মুদ্রায় যা প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা। লোকেশ রাহুলের জার্সির দাম উঠেছে ৪০০০ পাউন্ড। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪ লক্ষ ৭০ হাজার টাকা। যশপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাদেজার জার্সির মূল্য উঠেছে ৪২০০ পাউন্ড (ভারতীয় মুদ্রায় ৪ লক্ষ ৯৪ হাজার টাকা)।