ফের চড়ল সোনার  দাম, কমল রুপো
  • ১৬ অক্টোবর, ২০২৫ ১৫:১০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ধনতেরাসের মুখে ফের বাড়ল সোনার দাম। তবে সামান্য স্বস্তি দিল রুপোর দর। যদিও একে আদৌ স্বস্তি বলতে নারাজ ক্রেতাদেরই একাংশ। বুধবার ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, ২৪ ক্যারেট বিশুদ্ধতার খুচরো সোনার ১০ গ্রামের দাম কলকাতায় পৌঁছেছে ১ লক্ষ ২৮ হাজার ৪৫০ টাকায়। একদিনের তফাতে দাম বেড়েছে ১০ গ্রাম পিছু ৫৫০ টাকা। একই বিশুদ্ধতার সোনার বাট কিনলে ১০ গ্রামের দাম পড়বে ১ লক্ষ ২৭ হাজার ৮০০ টাকা। এর উপর ৩ শতাংশ হারে জিএসটি মেটাতে হবে ক্রেতাকে। বুধবার বাজারে ২২ ক্যারেট হলমার্কযুক্ত গয়না সোনার প্রতি ১০ গ্রামের দাম গিয়েছে ১ লক্ষ ২২ হাজার ১০০ টাকা। এদিন দাম সামান্য কমেছে রুপোর। বুধবার প্রতি কেজি খুচরো রুপোর দাম কলকাতায় ছিল ১ লক্ষ ৮৩ হাজার ৪৫০ টাকা। মঙ্গলবারের তুলনায় তা কেজি প্রতি প্রায় দু-হাজার টাকা কমেছে। ক্রেতারা বলছেন, গত ১০ দিনে যেভাবে রকেট গতিতে রুপোর দর উপর দিকে উঠেছিল, সেই তুলনায় এই সামান্য দাম কমা আদৌ তেমন খুশির খবর নয়।

Advertisement