Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

৫ দিনে সোনার দাম কমল ৫৬০০ টাকা, পাল্লা দিয়ে নামছে রুপোও

গত ১৭ অক্টোবর কলকাতায় রেকর্ড গড়েছিল সোনার দর। সেদিন শহরে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দর ছিল ১ লক্ষ ৩১ হাজার ৬০০ টাকা।

৫ দিনে সোনার দাম কমল ৫৬০০  টাকা, পাল্লা দিয়ে নামছে রুপোও
  • ২৪ অক্টোবর, ২০২৫ ১৬:১০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত ১৭ অক্টোবর কলকাতায় রেকর্ড গড়েছিল সোনার দর। সেদিন শহরে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দর ছিল ১ লক্ষ ৩১ হাজার ৬০০ টাকা। তারপর ধাপে ধাপে দাম কমেছে হলুদ ধাতুর। বুধবারও দামের পতন অব্যাহত রইল। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার শহরে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দর যায় ১ লক্ষ ২৬ হাজার টাকা। অর্থাৎ পাঁচদিনে দর কমেছে ৫ হাজার ৬০০ টাকা। কমেছে ২২ ক্যারেট বিশুদ্ধতার গয়না সোনার দামও। শহরে এদিন এই সোনার দর গিয়েছে ১০ গ্রাম পিছু ১ লক্ষ ১৯ হাজার ৭৫০ টাকা। এদিকে সোনার সঙ্গে পাল্লা দিয়ে নামছে রুপোর দরও। এক কিলো খুচরো রুপোর দর বুধবার কলকাতায় ছিল ১ লক্ষ ৫৮ হাজার ৫০ টাকা। গত ১৪ অক্টোবর শহরে রুপোর দাম সর্বোচ্চ হয়। ওই দিন কেজি পিছু দর ছিল ১ লক্ষ ৮৫ হাজার ৪০০ টাকা। অর্থাৎ ১০ দিনেরও কম সময়ে এই ধাতুর দাম কমেছে ২৭ হাজার ৩৫০ টাকা।

Advertisement

সামনেই বিয়ের মরশুম। তাই দাম কমায় খুশি ক্রেতাদের একাংশ। অনেকেই বলছেন, ধনতেরাসে বহু দোকান জানিয়েছিল, গয়না যেদিন ডেলিভারি হবে, সেইদিন সোনার যে দাম থাকবে, সেই দরেই গয়না পাবেন ক্রেতারা। ধনতেরাসে যে হরেক অফার মিলেছিল, তারই একটি অংশ ছিল সোনার দোকানের এই প্রতিশ্রুতি। যাঁরা সেদিন ওই সুযোগ পেয়েছিলেন, তাঁরা যে এতে অনেকটাই লাভবান হবেন, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে সোনার দামের এই পতন যে অব্যাহত থাকবে, এমন কোনও নিশ্চয়তা ঩নেই। বলছেন বিশেষজ্ঞরা। তাঁদের কথায়, যে আর্থ-ভৌগোলিক কারণে সোনার দাম বাড়ছিল, তার খুব একটা পরিবর্তন হয়নি। অন্যদিকে, আমেরিকা শুল্ক নিয়ে নতুন করে কোনও হুংকার দেবে কি না, সেই বিষয়ও অজানা। ফলে আগামীদিনে সোনার দাম ফের চড়বে কি না, তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞ মহল।

Advertisement
সম্পর্কিত সংবাদ