Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

গঙ্গাসাগরে আগুনে ছাই বাড়ি

গঙ্গাসাগরে আগুনে ছাই বাড়ি
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাকদ্বীপ: আগুন লাগার পর আধ ঘণ্টার মধ্যে পুড়ে ছাই খড়ের চালের একটি বাড়ি। শুকনো খড়ে আগুন লেগে তা ছড়িয়ে পড়েছিল দ্রুত। ফলে গোটা বাড়ি এবং যাবতীয় আসবাব, জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে সাগরের গঙ্গাসাগর কোস্টাল থানার বিষ্ণুপুর এলাকায়। বাড়ির মালিক হরিপদ জানা সর্বস্বান্ত হয়ে গিয়েছেন বলে আক্ষেপ করছেন।
Advertisement
অগ্নিকাণ্ডের সময় হরিপদবাবু বাড়িতে ছিলেন না। স্থানীয় বাসিন্দারা আগুন লেগেছে দেখতে পান। তাঁরা বালতি করে জল নিয়ে নেভানোর চেষ্টা করেন। গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিস খবর পেয়ে ঘটনাস্থলে আসে। ততক্ষণে বাড়ির অধিকাংশ ভস্মীভূত। হরিপদ জানা বলেন, ‘বাজারে গিয়েছিলাম। বাড়ির বাকিরাও কেউ ছিলেন না। কীভাবে আগুন লাগল বুঝতে পারছি না। সব জিনিসপত্র পুড়ে গিয়েছে। নগদ ২৫ হাজার টাকাও পুড়ে গিয়েছে। এই শীতে কীভাবে রাত কাটাব বুঝে উঠতে পারছি না।’ গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হরিপদ মণ্ডল বলেন, ‘ওই অসহায় পরিবারকে পঞ্চায়েতের পক্ষ থেকে সাহায্য 
করা হবে।’
সম্পর্কিত সংবাদ