নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সন্দেশখালিতে তৃণমূল নেতা ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক তরুণী। তারপর তাঁকে মামলা তুলে নিতে হুমকি দেওয়া হচ্ছে বলেও আদালতে অভিযোগে করেছিলেন তিনি। বুধবার সেই তরুণীর বাড়িতে সর্বক্ষণের জন্য পুলিসি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি তদন্তের অগ্রগতি রিপোর্টও তলব করেছে আদালত। আগামী সোমবার সেই রিপোর্ট জমা দিতে হবে।
Advertisement
তরুণীর অভিযোগ ছিল, গত বছর মে মাসে ওই তৃণমূল নেতা ও তাঁর দলবল মিলে মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁকে ধর্ষণ করেছিল। এরপর পুলিসের দ্বারস্থ হয়েও লাভ হয়নি। এফআইআর দায়ের করলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিস। উল্টে তাঁকে মামলা তুলে নেওয়ার জন্য লাগাতার হুমকি দেওয়া হচ্ছে। এদিন সেই মামলার শুনানিতে রাজ্য জানায়, ঘটনার তদন্ত প্রক্রিয়া এগিয়েছে। চার্জশিট দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। এই বক্তব্যের প্রেক্ষিতে আগামী সোমবার রাজ্যকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।



