সংবাদদাতা, বর্ধমান: প্রতিবেশীদের বাড়ির পুজো ঘিরে বচসার জেরে এক ব্যক্তির মাথায় কুড়ুল দিয়ে আঘাত করে খুনের চেষ্টা করা হয়েছে। গলসি থানার পুরন্দরগড়ে এমনই অভিযোগে লক্ষ্মণ মাঝি নামে এক যুবক গ্রেপ্তার হয়েছে। সোমবার দুপুরে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। ধৃতকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে ১০ ফেব্রুয়ারি ফের আদালতে পেশ করার নির্দেশ দেন সিজেএম।
Advertisement
পুলিস জানিয়েছে, পুরন্দরগড়ের বাসিন্দা টুম্পা মাঝির বাড়িতে পুজোকে কেন্দ্র করে রবিবার রাত ৮টা নাগাদ পাশের বাড়ির লোকজনের সঙ্গে বচসা বাধে। অভিযোগ, সেসময় আচমকা লাঠি, রড, শাবল, কুড়ুল প্রভৃতি নিয়ে টুম্বাদেবীর বাড়িতে হামলা চালানো হয়। ওই মহিলার কাকাশ্বশুর তারক মাঝির মাথায় কুড়ুল দিয়ে আঘাত করা হয়। তিনি গুরুতর জখম হন। তাঁকে বাঁচাতে এলে রাজু মাঝি ও বাপি মাঝিকেও প্রচণ্ড মারধর করা হয়। স্থানীয়রা তারকবাবুকে পুরষা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে প্রথমে বর্ধমান মেডিক্যাল ও পরে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। টুম্পাদেবীর অভিযোগের ভিত্তিতে লক্ষ্মণকে গ্রেপ্তার করা হয়েছে।



