Bartaman Logo
৩ জুন, ২০২৬
বর্তমান / খেলা

দলে চাপমুক্ত পরিবেশ গড়তে চান গিল

শুভমান গিলের হাত ধরে ভারতীয় ক্রিকেটে নতুন যুগের সূচনা হতে চলেছে।

দলে চাপমুক্ত পরিবেশ গড়তে চান গিল
  • ১৬ জুন, ২০২৫ ০৪:০০

লন্ডন: শুভমান গিলের হাত ধরে ভারতীয় ক্রিকেটে নতুন যুগের সূচনা হতে চলেছে। আসন্ন ইংল্যান্ড সিরিজে অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে ২৫ বছর বয়সি তারকা ব্যাটারের। রবিবার এক সাক্ষাত্কারে দলকে নিয়ে পরিকল্পনা জানালেন গিল। তাঁর কথায়, ‘স্বপ্নেও ভাবিনি ভারতীয় দলকে নেতৃত্ব দেব। এটা আমার কাছে গর্বের। ক্যাপ্টেন হিসেবে দলে চাপমুক্ত, সুন্দর পরিবেশ গড়ে তোলাই লক্ষ্য। জানি ব্যাপারটা সহজ নয়।’

Advertisement

ভারতের পরবর্তী অধিনায়কের দৌড়ে গিলের সঙ্গে নাম ভাসছিল যশপ্রীত বুমরাহরও। কিন্তু বুমবুমের চোট প্রবণতার কারণে গিলকেই দায়িত্ব দেওয়া হয়। ভারতীয় দলের অধিনায়ক হওয়ার খবর পেয়ে পরিবারের প্রতিক্রিয়া কেমন ছিল? মুচকি হেসে শুভমানের জবাব, ‘আমি খবরটা আগেই পেয়েছিলাম। তবে পরিবারের কাউকে জানাইনি। সরকারি ঘোষণার অপেক্ষায় করছিলাম। জানার পর বাবা ফোন করেছিলেন। স্বাভাবিকভাবেই আবেগঘন হয়ে পড়েছিলেন তিনি।’ ক্যাপ্টেন হিসেবে গিলের দর্শন কী? ‘বিরাট, রোহিত-ভাইয়ের ক্যাপ্টেন্সিতে খেলেছি। দু’জনের থেকেই শিখেওছি অনেককিছু। বিরাট-ভাই মাঠে সর্বদাই উজ্জীবিত করত। রোহিত-ভাইও খুব আগ্রাসী অধিনায়ক। সতীর্থদের কাছ থেকে কী চায়, সেটা ও স্পষ্ট করে দেয়। আর রোহিত-ভাই উত্তেজিত হলেও প্লেয়ারদের খারাপ লাগে না। সব্বাই জানে, টিমের জন্য বলছে। এটাই একজন ক্যাপ্টেনের বড় গুণ।’ একটু থেমে তাঁর সংযোজন, ‘আগামী ৭-১০ বছরে ভারতীয় ক্রিকেট কেমন হতে চলেছে, তা নিয়েও রোহিত-ভাইয়ের চিন্তাভাবনা আমাকে সমৃদ্ধ করেছে।’
গত কয়েক বছরে আইপিএলে গুজরাত টাইটান্সকে নেতৃত্ব দিচ্ছেন গিল। তবে সেখানে কোচ আশিস নেহরা। যিনি সর্বদাই হাসিখুশি থাকেন। কিন্তু ভারতীয় দলের হেডস্যার গৌতম গম্ভীর খুবই কড়া ধাতের। এই প্রসঙ্গে গিল বলেন, ‘গোতি-ভাই খুবই সংকল্পবদ্ধ। প্লেয়ারদের থেকে সেরাটা কীভাবে বের করে আনতে হয়, সেটা ভালোই জানে। খুবই শৃঙ্খলাপরায়ণ। ক্যাপ্টেন নির্বাচনের সময় গোতি-ভাই ও অজিত স্যার আমায় বলেছিলেন, নেতা হিসেবে নিজেকে মেলে ধরার ক্ষেত্রে কখনওই যেন সংকোচবোধ না করি।’
এদিকে, ওয়ার্ক-লোড কমাতে নাকি ইংল্যান্ড সফরে তিনটি’র বেশি টেস্ট ম্যাচ খেলবেন না যশপ্রীত বুমরাহ। এই প্রসঙ্গে মুখ খুলেছেন শুভমান গিল। তিনি বলেন, ‘এই ধরনের সিদ্ধান্ত আগে থেকে নেওয়া সম্ভব নয়। পরিস্থিতি অনুযায়ী ঠিক করা হবে, কোন কোন ম্যাচে বুমবুমকে খেলানো হবে।’ আর ইংল্যান্ডের ‘বাজবল’ প্রসঙ্গে গিলের সংযোজন, ‘টেস্টে আগ্রাসী ক্রিকেট খেললে দ্রুত আউট হওয়ার সম্ভাবনা থাকে। তাই পরিস্থিতি অনুযায়ী আমরা পরিকল্পনা রূপায়ণে জোর দেব। গত ইংল্যান্ড সফরে আমরা টেস্ট সিরিজ ড্র করেছিলাম। সেটা নিশ্চিতভাবে আমাদের মনোবল বাড়াতে সাহায্য করবে।’

সম্পর্কিত সংবাদ