Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ওয়ান ডে’তেও ক্যাপ্টেন গিল, ভারতে রোহিত যুগের অবসান

টেস্ট ক্রিকেটে বিদায়ঘণ্টা বেজেছে আগেই। এবার একদিনের ফরম্যাটেও রাজ্যপাট হারালেন রোহিত শর্মা।

ওয়ান ডে’তেও ক্যাপ্টেন গিল, ভারতে রোহিত যুগের অবসান
  • ৫ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আমেদাবাদ: টেস্ট ক্রিকেটে বিদায়ঘণ্টা বেজেছে আগেই। এবার একদিনের ফরম্যাটেও রাজ্যপাট হারালেন রোহিত শর্মা। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ককে নির্মমভাবে ছেঁটে ফেলা হল নেতৃত্ব থেকে। হিটম্যানের পরিবর্তে অস্ট্রেলিয়ায় আসন্ন তিন ম্যাচের একদিনের সিরিজে টস করতে যাবেন শুভমান গিল। টেস্টের সঙ্গে পঞ্চাশ ওভারের ক্রিকেটেও ক্যাপ্টেনের রাজমুকুট এখন তাঁর মাথায়। এর পাশাপাশি, টি-২০ ফরম্যাটে তিনি সূর্যকুমার যাদবের ডেপুটি। 

Advertisement

গৌতম গম্ভীর টিম ইন্ডিয়ার কোচ হওয়ার পরই ইঙ্গিত মিলেছিল যে, সিনিয়রদের জন্য কঠিন দিন অপেক্ষা করছে। মূলত তাঁর পরোক্ষ চাপেই লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে বাধ্য হয়েছিলেন রোহিত। শনিবার ওডিআইয়ের নেতৃত্ব থেকেও তাঁকে ছেঁটে ফেলার মাধ্যমে সিলমোহর পড়ল কোচের আপোসহীন চিন্তাধারায়। সেই সঙ্গে ভারতীয় ক্রিকেটে পরিসমাপ্তি ঘটল রোহিত যুগের। অবশ্য আসন্ন অস্ট্রেলিয়া সফরে বিরাট কোহলির সঙ্গে রোহিতকে রাখা হয়েছে ১৫ জনের স্কোয়াডে। কিন্তু বার্তা পরিষ্কার, ব্যাট হাতে ব্যর্থ হলে ২০২৭ বিশ্বকাপে খেলার স্বপ্নও অচিরেই নিভবে দুই মহাতারকার।
গিলকে অধিনায়ক করার প্রসঙ্গে নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকর বলেছেন, ‘৫০ ওভারের ঘরানায় পরের বিশ্বকাপের কথা মাথায় রাখতেই হচ্ছে। এই ফরম্যাটে আমরা সবচেয়ে কম ম্যাচ খেলি। ফলে পরবর্তী অধিনায়ককে দল গুছিয়ে নেওয়ার জন্য খুব বেশি ম্যাচ দেওয়া সম্ভব নয়। মনে হতেই পারে, বিশ্বকাপের এখনও তো দু’বছর বাকি। কিন্তু আমরা জানি না যে, এর মধ্যে ঠিক কতগুলো ওডিআই পাওয়া যাবে। আর তিন ফরম্যাটে তিনজন ক্যাপ্টেন থাকলে নির্বাচক থেকে কোচ, সবারই অসুবিধা। তিন ফরম্যাটে আলাদা আলাদা তিনজনের সঙ্গে বসে পরিকল্পনা সাজাতে হয় তখন কোচকে।’ কিন্তু গিলের উপর বড্ড বেশি বোঝা চাপানো হচ্ছে না তো? আগরকর অবশ্য আশাবাদী, ‘ওর বয়স কম। অসুবিধা হওয়া উচিত নয়।’
৩৮ বছর বয়সি রোহিত মোট ৫৬টি একদিনের ম্যাচে নেতৃত্ব দিয়ে ভারতকে জিতিয়েছেন ৪২টিতে। হার মাত্র ১২টি। একটি টাই, অন্যটির নিষ্পত্তি হয়নি। এমন উজ্জ্বল পরিসংখ্যানেও মসনদ রক্ষা হল না হিটম্যানের। আসলে বিসিসিআইয়ে এখন কর্তার ইচ্ছাতেই যাবতীয় কর্ম সম্পাদিত হচ্ছে! আর কোচের মাথায় আশীর্বাদের হাত রাখা সেই ‘মহামান্যগণ’ চান না তাঁদের মুখের উপর কথা বলার মতো লোক ভারতীয় ক্রিকেটের চোহদ্দিতে থাকুক। অতএব তুমি রোহিত-বিরাট যেই হও, খেলোয়াড়দের দাবিদাওয়া নিয়ে সরব হলে, ফল ভুগতেই হবে। উল্লেখ্য, অস্ট্রেলিয়া সফরে তিনটি একদিনের ম্যাচ এবং পাঁচটি টি-২০ খেলবে টিম ইন্ডিয়া। ১৯ অক্টোবর সিরিজের প্রথম ওডিআই। এই সিরিজের সহ-অধিনায়ক ঘোষিত হয়েছেন শ্রেয়স আয়ার। ঋষভ পন্থ পুরো ফিট নন। বিশ্রাম দেওয়া হয়েছে বুমরাহকে। তিনি অবশ্য টি-২০ স্কোয়াডে রয়েছেন।
ভারতের ওডিআই স্কোয়াড: শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা।
ভারতের টি-২০ স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, শুভমান গিল (সহ-অধিনায়ক), তিলক ভার্মা, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, অক্ষর প্যাটেল, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), জিতেশ শর্মা (উইকেটকিপার), কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, যশপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, হর্ষিত রানা, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর।

সম্পর্কিত সংবাদ