পারথ: রবিবার পারথে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-ভারত ওডিআই সিরিজ। প্রথম ম্যাচে নামার আগে সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মা ও বিরাট কোহলির ভূয়সী প্রশংসা করেছেন শুভমান গিল। ভারতীয় অধিনায়কের কথায়, ‘মাহি(ধোনি)-ভাইয়ের পর বিরাট-ভাই ও রোহিত-ভাই জাতীয় দলের ঐতিহ্য বহন করেছে। ওদের জুতোয় পা গলানো সহজ ব্যাপার নয়। তবে রোহিত-বিরাটের মতো কিংবদন্তিদের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে গর্বিত।’ উল্লেখ্য, রোহিত শর্মার থেকে অধিনায়কত্ব কেড়েই গিলের কাঁধে তুলে দিয়েছে বোর্ড। তাতে কি হিটম্যানের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে শুভমানের? তরুণ তুর্কির জবাব, ‘একেবারেই না। বাইরে এইসব ভুয়ো ব্যাপার নিয়ে আলোচনা চলছে। রোহিত ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক আগের মতোই মধুর। কোহলির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।’



