সংবাদদাতা, বনগাঁ: শনিবার গাইঘাটা ধর্ষণ কাণ্ডের তদন্তে এলেন ফরেন্সিক দলের দুই সদস্য। এদিন ঘটনাস্থলে গিয়ে তাঁরা দু’টি জায়গা থেকে নমুনা সংগ্রহ করেন। অভিযোগ, ১ নভেম্বর গাইঘাটায় দশম শ্রেণির এক পড়ুয়াকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে জঙ্গলে ধর্ষণ করে এক যুবক। পরদিন নির্যাতিতার মা থানায় অভিযোগ করলে পুলিস সেদিনই অভিযুক্তকে গ্রেপ্তার করে। জানা গিয়েছে, ওইদিন প্রথমে একটি জায়গায় ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত। পরবর্তীতে আরও কিছুটা দূরে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্ত সুজিত পাল ওরফে বাবুসোনা। এদিন পুলিসের ঘিরে রাখা সেই দু’টি জায়গায় থেকে নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক দলের সদস্যরা। দলের এক সদস্য বলেন, নমুনা পরীক্ষার আগে কিছুই বলা যাবে না। যদিও ঘটনার আটদিন পর ফরেন্সিক দলের নমুনা সংগ্রহ করা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
Advertisement
অন্যদিকে, এই ঘটনার প্রতিবাদে শনিবার ঠাকুরনগরে হাইস্কুলের মাঠ থেকে বাজার পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন বামপন্থী সংগঠনের শিক্ষক ও শিক্ষাকর্মীরা। আন্দোলনকারীদের দাবি, ধর্ষণে অভিযুক্তের এক আত্মীয় শাসকদল ঘনিষ্ঠ। তাই অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। যাঁরা এই ঘটনাকে আড়াল করার চেষ্টা করছেন, তাঁদেরও শাস্তি দিতে হবে।



